ঢাকা: বাংলাদেশে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর(Dhanmondi 32)। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাসভবনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ মার্চ উপলক্ষে ঢাকার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন তারা। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই পুলিশের হাতে আটক হন ওই চারজন। ঘটনাটি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৬টা নাগাদ প্রায় ১৫ জনের একটি দল ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তাদের হাতে ছিল ফুলের মালা এবং তারা মিছিল করতে করতেই এগোচ্ছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর বাসভবনের কাছে পৌঁছানোর আগেই স্কয়ার হাসপাতালের সামনে থেকে পুলিশ চারজনকে গ্রেফতার করে।
আরও দেখুনঃ উদীয়মান সূর্যের দেশের সামনে আত্মসমর্পণ, বিশ্বকাপে যাওয়ার পথ বন্ধ ব্লু টাইগ্রেসদের
এই বিষয়ে কলাবাগান থানার ওসি ফজল আশিক বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান যে ধৃতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। তারা ফুল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় এবং পরে একটি পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশের দাবি, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেই মামলার ভিত্তিতেই এই গ্রেফতারি হয়েছে। জানা গেছে, প্রায় সাড়ে পাঁচ মাস আগে কলাবাগান থানায় এই মামলা দায়ের করা হয়েছিল। তবে বিরোধী রাজনৈতিক মহল এবং সংশ্লিষ্টদের দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার সুহরাবর্দি উদ্যানে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে বিবেচিত হয়। প্রতিবছর এই দিনটি স্মরণ করে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হয়। দীর্ঘদিন ধরে এই দিনটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল আওয়ামী লীগ। কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। সেই আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামি লিগের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে কার্যত নিষিদ্ধ করা হয়।
তারপর থেকেই বঙ্গবন্ধুর স্মৃতিকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। আওয়ামি লিগের অভিযোগ, শুধুমাত্র ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরেই নয়, বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াতেও শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটিও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। সেই সময় থেকেই এই জায়গাটিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে।
এর আগেও একাধিকবার দেখা গেছে, কেউ ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে হামলা বা হেনস্তার শিকার হয়েছেন। কয়েকজনকে তখনও গ্রেফতার করেছিল পুলিশ। ফলে এবারও একই ধরনের ঘটনা ঘটায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আওয়ামি লিগের নেতাদের মতে, এটি কেবল একটি গ্রেফতারির ঘটনা নয়, বরং বঙ্গবন্ধুর স্মৃতিকে ঘিরে মানুষের আবেগকে দমন করার চেষ্টা। তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।




















