Home West Bengal বিধানসভায় অগ্নিমিত্রা-ফিরহাদ বিতর্ক, সংখ্যালঘু মন্তব্যে তীব্র উত্তাপ, ক্ষমা চাওয়ার দাবি

বিধানসভায় অগ্নিমিত্রা-ফিরহাদ বিতর্ক, সংখ্যালঘু মন্তব্যে তীব্র উত্তাপ, ক্ষমা চাওয়ার দাবি

Agnimitra Pal minority remarks

কলকাতা: বিধানসভার বাজেট অধিবেশনে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও বিতণ্ডা তৈরি হলো। শুক্রবার এই ইস্যুতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। পরিস্থিতির জেরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রার বিতর্কিত মন্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

- Advertisement -

অগ্নিমিত্রার বিস্ফোরক অভিযোগ

বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার বরাদ্দ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, “এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে।” মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “মাদ্রাসা পড়ার পরে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না কেউ? কেউ কেউ কেন ক্রিমিনাল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে? বরাদ্দ কি সত্যিই শিক্ষায় নাকি অনুপ্রবেশকারীদের বাঁচাতে?”

   

ফিরহাদের তীব্র প্রতিবাদ Agnimitra Pal minority remarks

অগ্নিমিত্রার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আমরা ক্রিমিনাল নই। এপিজে আব্দুল কালাম আজাদ ক্রিমিনাল? কাজী নজরুল ইসলাম ক্রিমিনাল? আপনাদের ধিক্কার।” অগ্নিমিত্রাকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন মন্ত্রী। তৃণমূল বিধায়করা ওয়েলে নেমে প্রতিবাদ জানান, অন্যদিকে বিজেপি বিধায়করা পাল্টা স্লোগান শুরু করলে বিধানসভায় তুমুল হইচই পড়ে যায়।

স্পিকারের হস্তক্ষেপ

পরিস্থিতি সামাল দিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন এবং অগ্নিমিত্রার উদ্দেশে বলেন, “এমন কোনও শব্দ বলবেন না, যাতে অন্য কেউ আঘাত পান।” তিনি নির্দিষ্ট করে সংখ্যালঘু ও ক্রিমিনাল সম্পর্কিত অগ্নিমিত্রার বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

বিধানসভার বাইরে অগ্নিমিত্রা

পরে বিধানসভার বাইরে বেরিয়ে অগ্নিমিত্রা পাল ফের তৃণমূল সরকারকে তোষণের রাজনীতির অভিযোগে নিশানা করেন। ফিরহাদ হাকিমের উদ্দেশে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আপনি ১৫ বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী বেরিয়েছেন। আপনাদের ভোটব্যাঙ্কের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন।”

Follow on Google