নয়াদিল্লি: সংসদ চত্বরে এবার মুখোমুখি সংঘাতে জড়ালেন রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। প্রাক্তন কংগ্রেসী তথা বর্তমান বিজেপি মন্ত্রী বিট্টুকে লক্ষ্য করে রাহুল গান্ধী ‘গদ্দার’ মন্তব্য করতেই রণক্ষেত্রের চেহারা নেয় সংসদ চত্বরের মকরদ্বার। পালটা রাহুলকে ‘দেশের শত্রু’ বলে আক্রমণ শানান বিট্টুও। বুধবার সকালে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনার সূত্রপাত কীভাবে?
বুধবার সকালে বাজেট অধিবেশন চলাকালীন ৮ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে মকরদ্বারের সিঁড়িতে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাহুল গান্ধী-সহ অন্যান্য বিরোধী সাংসদরা। সেই সময় সামনে দিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু। বিক্ষোভকারী সাংসদদের দেখে বিট্টু কটাক্ষ করে বলেন, “মনে হচ্ছে যেন কার্গিল যুদ্ধ জিতে এসেছেন!”
বিট্টুর এই মন্তব্য কানে যেতেই মেজাজ হারান রাহুল। তিনি উপস্থিত সকলের সামনে আঙুল উঁচিয়ে বিট্টুকে দেখিয়ে বলেন, “ওই দেখুন, একজন বিশ্বাসঘাতক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ওর মুখটা ভালো করে চিনে রাখুন।”
‘গদ্দার বন্ধু, চিন্তা কোরো না, ফিরেই আসবে’ Rahul Gandhi Ravneet Bittu Spat
রাহুলের মন্তব্য শুনে বিট্টু থেমে গিয়ে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে আসেন। তখন রাহুল আরও একধাপ এগিয়ে গিয়ে বিদ্রূপের সুরে বলেন, “হ্যালো ভাই, আমার বিশ্বাসঘাতক বন্ধু! চিন্তা কোরো না, একদিন তোমাকে কংগ্রেসেই ফিরে আসতে হবে।” রাহুল করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেও বিট্টু তা প্রত্যাখ্যান করেন এবং পালটা চিৎকার করে বলেন, “দেশের শত্রু”।
শিখ ভাবাবেগে আঘাতের অভিযোগ বিজেপির
বিজেপি এই ঘটনাকে শিখ সম্প্রদায়ের অপমান হিসেবে তুলে ধরেছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, “একথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রবনীত বিট্টু শুধু একজন সাংসদ নন, তিনি একজন শহিদের নাতি। তাঁকে গদ্দার বলা মানে পুরো শিখ সমাজকে অপমান করা।” অন্যদিকে বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা বলেন, “শিখরা কখনও গদ্দার হতে পারে না। রাহুল গান্ধী আসলে শিখদের প্রতি কংগ্রেসের সেই পুরনো বিষ উগরে দিচ্ছেন।”
বিট্টুর পালটা তোপ
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবনীত সিং বিট্টু বলেন, “গান্ধী পরিবার শিখদের অসম্মান করার জন্য দায়ী। যারা গুরুদ্বারের ওপর হামলা চালায়, দেশের বিরুদ্ধে কথা বলে, তাদের সঙ্গে আমি করমর্দন করতে পারি না। রাহুল গান্ধী আসলে ‘সড়কের গুণ্ডা’র মতো আচরণ করছেন।”
প্রেক্ষাপট
উল্লেখ্য, রবনীত সিং বিট্টু তিনবারের কংগ্রেস সাংসদ ছিলেন এবং গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। লুধিয়ানা থেকে নির্বাচনে হারলেও প্রধানমন্ত্রী মোদী তাঁকে তাঁর মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন। সেই দলবদলকেই এদিন ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে চিহ্নিত করেছেন রাহুল গান্ধী।




















