শিয়ালদহ–রুবি–বিমানবন্দর মেট্রো রুট চালু, কত লাগবে ভাড়া

কলকাতা: শহরবাসীর জন্য আসছে দারুণ খবর। অবশেষে উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা বিমানবন্দর মেট্রো (Kolkata Airport Metro) পরিষেবা। আগামী ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kolkata Metro

কলকাতা: শহরবাসীর জন্য আসছে দারুণ খবর। অবশেষে উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা বিমানবন্দর মেট্রো (Kolkata Airport Metro) পরিষেবা। আগামী ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হবে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প। এর মধ্যে অন্যতম হল নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ স্টেশন) পর্যন্ত মেট্রো পরিষেবা। পাশাপাশি শুরু হবে রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো যাত্রা।

এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হতে চলেছে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন। অত্যাধুনিক সাজসজ্জা, ঝকঝকে অবকাঠামো দেখে যে কারও মনে হবে, এটা বিমানবন্দর নাকি মেট্রো স্টেশন! শহরে আগত দেশি–বিদেশি পর্যটক বা যাত্রীদের জন্য এটি এক বড় স্বস্তি। বিমানবন্দরের ঠিক পাশেই তৈরি হওয়া এই মেট্রো স্টেশন যাত্রীদের যাতায়াতে যেমন সুবিধা দেবে, তেমনি যারা কলকাতা থেকে দেশের অন্যান্য প্রান্তে বা বিদেশে উড়ে যাবেন, তাঁদের জন্যও এটি হবে সেরা বিকল্প।

   

মুম্বই, দিল্লি, লখনউ ও চেন্নাইয়ের পর এবার কলকাতা বিমানবন্দর হল দেশের পঞ্চম বিমানবন্দর, যেখানে সরাসরি মেট্রো পরিষেবা যুক্ত হতে চলেছে।

বারাসাত–নোয়াপাড়া করিডরের মধ্যে আপাতত নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৭.০৪ কিলোমিটার মেট্রো লাইন যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী দিনে এই লাইন আরও বাড়িয়ে বারাসাত পর্যন্ত পৌঁছনোর পরিকল্পনা রয়েছে। কলকাতা বিমানবন্দর স্টেশনকে দুটি করিডরের সংযোগস্থল হিসেবে সাজানো হচ্ছে, যার ফলে যাত্রীদের অন্য রুট ধরতেও সুবিধা হবে।

ভাড়া তালিকা – কত লাগবে মেট্রোয়?

শহরের নতুন মেট্রো পরিষেবার ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা এবং সর্বাধিক ভাড়া হবে ৭০ টাকা। তবে গন্তব্য অনুযায়ী ভাড়া আলাদা হবে।

বিমানবন্দর থেকে যশোর রোড – ভাড়া ৫ টাকা

বিমানবন্দর থেকে দমদম ক্যান্টনমেন্ট – ভাড়া ১০ টাকা

বিমানবন্দর থেকে নোয়াপাড়া – ভাড়া ২০ টাকা

বিমানবন্দর থেকে চাঁদনি চক/এসপ্ল্যানেড – ভাড়া ৪০ টাকা

বিমানবন্দর থেকে কবি সুভাষ – ভাড়া ৪৫ টাকা

বিমানবন্দর থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) – ভাড়া ৬৫ টাকা

বিমানবন্দর থেকে হাওড়া – ভাড়া ৫০ টাকা

বিমানবন্দর থেকে সেক্টর ফাইভ/করুণাময়ী – ভাড়া ৭০ টাকা

এই নতুন রুট চালুর ফলে কলকাতার ব্যস্ততম জোনগুলিতে যাতায়াত আরও সহজ হবে। বিশেষত রুবি হাসপাতাল মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত রুট চালু হলে পূর্ব কলকাতা ও দক্ষিণ কলকাতার মধ্যে যোগাযোগ অনেক দ্রুত হবে। অন্যদিকে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত করলে যাত্রীদের সময় বাঁচবে অনেকটাই।

দীর্ঘদিন ধরে কলকাতার মানুষ বিমানবন্দর মেট্রোর অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। বিমানবন্দরে যাতায়াতের জন্য আর ক্যাব বা প্রিপেইড ট্যাক্সির উপর নির্ভর করতে হবে না। কম খরচে, কম সময়ে, ঝকঝকে পরিকাঠামোয় নিরাপদ যাত্রা করতে পারবেন কলকাতাবাসী।

সব মিলিয়ে, এই তিনটি নতুন মেট্রো রুট চালু হলে কলকাতার পরিবহন ব্যবস্থায় এক বড় মাইলস্টোন তৈরি হবে, যা শহরের ট্রাফিক চাপ কমাতে এবং যাত্রীদের সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google