বঙ্গ বিজেপির মেগা ইভেন্ট! ১৪ মার্চ ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা: আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে ফের রাজনৈতিক পারদ চড়াতে চলেছে বঙ্গ বিজেপি। রাজ্যজুড়ে আয়োজিত বিজেপির মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’-র সমাপ্তি হতে চলেছে এক ...

By Moumita Biswas

Published:

Follow Us
pm modi mega rally

কলকাতা: আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে ফের রাজনৈতিক পারদ চড়াতে চলেছে বঙ্গ বিজেপি। রাজ্যজুড়ে আয়োজিত বিজেপির মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’-র সমাপ্তি হতে চলেছে এক বিশাল জনসভার মধ্য দিয়ে। আগামী ১৪ মার্চ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘পরিবর্তন যাত্রা’ এবং মেগা সমাবেশ

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যজুড়ে মোট ৯টি ‘পরিবর্তন যাত্রা’ আয়োজিত হচ্ছে, যা আগামী ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে পৌঁছবে। এরপর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে বিশাল সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

   

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে, ৭ মার্চ ব্রিগেড ময়দানে শেষবার জনসভা করেছিলেন নরেন্দ্র মোদী। এবারও আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যে নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে এই মেগা কর্মসূচির ডাক দিয়েছে।

প্রচারে থাকছেন ভিন রাজ্যের হেভিওয়েট নেতারা pm modi mega rally

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা এই ‘পরিবর্তন যাত্রা’-য় অংশ নেবেন বিজেপির একাধিক শীর্ষ ও জাতীয় স্তরের নেতা। রাজ্যের পাঁচটি ভিন্ন স্থান থেকে এই যাত্রার নেতৃত্ব দেবেন অন্তত ৫ জন সর্বভারতীয় নেতা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর৷

‘যোগদান মেলা’ থেকে ‘পরিবর্তন যাত্রা’

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্য দলের নেতা-কর্মীদের বিজেপিতে টানতে ‘যোগদান মেলা’-র ওপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু তাতে আশানুরূপ রাজনৈতিক সাফল্য মেলেনি। তাই ২০২৬-এর মহড়া হিসেবে এবার ভিন্ন কৌশল নিয়েছে গেরুয়া শিবির। সরাসরি মানুষের কাছে পৌঁছতেই এই ‘পরিবর্তন যাত্রা’-কে হাতিয়ার করেছে তারা।

প্রার্থী বাছাই পর্ব ও কোর কমিটির বৈঠক

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজ্য বিজেপি। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

চলতি মাসের মধ্যেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিল্লিতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। জেলার তরফ থেকে রাজ্যের মোট ২৯৪টি আসনের প্রতিটির জন্য তিনটি করে নাম প্রস্তাব করা হবে।

রাজ্য নেতৃত্ব সেই নামগুলি যাচাই করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাবে। এর পাশাপাশি কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বিভিন্ন সমীক্ষা সংস্থার রিপোর্টও বিবেচনা করা হবে। জেলা থেকে আসা নাম এবং সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

শনিবার সল্টলেকের বিজেপি দফতরে রাজ্য কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পরিবর্তন যাত্রা, ব্রিগেড সমাবেশ এবং সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহ-পর্যবেক্ষক বিপ্লব দেব, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতা। যদিও শুভেন্দু অধিকারী কিছু সময় বৈঠকে থাকার পর অন্য কর্মসূচিতে যোগ দিতে বেরিয়ে যান।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google