বেইরুট: লেবাননে ইজরায়েলি সেনার (IDF) অভিযান অব্যাহত। এবার বেইরুটে নিখুঁত এয়ার স্ট্রাইক করে খোদ হিজবুল্লা প্রধান নাইম কাসেমের ভাইপো তথা তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ছায়াসঙ্গী আলি ইউসুফ হারশিকে খতম করল ইজরায়েল। বৃহস্পতিবার সকালে এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে এই হাই-প্রোফাইল টার্গেটকে নিকেশ করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস। (Israel kills Hezbollah aide Ali Yusuf Harshi)
সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, বুধবার রাতে বেইরুটের একটি গোপন ডেরায় এই লক্ষ্যভেদী হামলা চালানো হয়। নিহত আলি ইউসুফ হারশি শুধুমাত্র নাইম কাসেমের ভাইপোই ছিলেন না, তিনি ছিলেন হিজবুল্লা প্রধানের ব্যক্তিগত সচিব এবং অন্যতম প্রধান উপদেষ্টা। কাসেমের দপ্তরের দৈনন্দিন পরিচালনা এবং তাঁর নিরাপত্তার নিশ্ছিদ্র বলয় তৈরির ক্ষেত্রে হারশির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর মৃত্যু হিজবুল্লার শীর্ষ নেতৃত্বের কাছে একটি বড়সড় ধাক্কা বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
এই হাই-প্রোফাইল টার্গেটের পাশাপাশি দক্ষিণ লেবাননেও হিজবুল্লার ডেরায় ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ। লিটানি নদীর দক্ষিণে অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ ক্রসিং সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও হিজবুল্লার অন্তত ১০টি গোপন অস্ত্রভাণ্ডার, রকেট লঞ্চার এবং কম্যান্ড সেন্টারে আঘাত হেনেছে ইজরায়েলি ফাইটার জেট।




















