ইজরায়েলে মাটিতে পরপর আছড়ে পড়ছে ইরানি মিসাইল, গায়ে লেখা ‘Thank You India’

তেহরান: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ক্রমশ বাড়ছে। এর মাঝেই ইজরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে ফের একপ্রস্ত মিসাইল ছুড়ল ইরান। তবে এই…

Iran Missile Attack Israel

তেহরান: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ক্রমশ বাড়ছে। এর মাঝেই ইজরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে ফের একপ্রস্ত মিসাইল ছুড়ল ইরান। তবে এই হামলার মাঝেই বিশ্বের নজর কেড়েছে একটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, আক্রমণের আগে মিসাইলগুলির গায়ে ইংরেজিতে লেখা হচ্ছে, ‘ভারতবাসীকে ধন্যবাদ’। ভারতের পাশাপাশি স্পেন, পাকিস্তান এবং জার্মানির সাধারণ মানুষ যে কঠিন সময়ে তেহরানের পাশে দাঁড়িয়েছেন, সেই সংহতি প্রকাশের জন্যই এই অভিনব কায়দায় কৃতজ্ঞতা জানিয়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স।

টার্গেটে ইজরায়েল ও মার্কিন সামরিক পরিকাঠামো

ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর’ (IRGC) দাবি করেছে, শুক্রবারের এই আক্রমণটি তাদের ৮৩তম দফার প্রত্যাঘাত। এই হামলায় মূলত মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইজরায়েলের বিভিন্ন এলাকার সঙ্গে উপসাগরীয় অঞ্চলে থাকা আমেরিকার একাধিক সামরিক পরিকাঠামো এই হামলার নিশানায় ছিল। ইরানি সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, বাহরিনে অবস্থিত আমেরিকার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রও তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুর মধ্যে ছিল।

   

কাশ্মীরে উপচে পড়ছে আবেগ ও সাহায্য Iran Missile Attack Israel

আন্তর্জাতিক এই সংঘাতের আবহে ভারতের জম্মু ও কাশ্মীর থেকে এক অত্যন্ত আবেগঘন ছবি প্রকাশ্যে এসেছে। সেখানকার শিয়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ যুদ্ধবিধ্বস্ত ইরানিদের সাহায্যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। রামবান জেলার চন্দরকোট এবং বদগামের স্থানীয় ইমামবাড়াগুলিতে সাধারণ মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য নিয়ে ভিড় জমাচ্ছেন। নগদ অর্থ, সোনা-রুপোর গয়না, গৃহস্থালির জিনিস থেকে শুরু করে গবাদি পশু পর্যন্ত নির্দ্বিধায় দান করছেন অনেকেই। এমনকি, ছোট ছোট শিশুরাও তাদের জমানো মাটির ভাঁড় ভেঙে ত্রাণের কাজে অর্থ তুলে দিচ্ছে।

বাণিজ্যিক পথে বন্ধু রাষ্ট্রগুলির জন্য স্বস্তি

ক্রমবর্ধমান এই সংঘাত ও সামরিক উত্তেজনার মাঝেও বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের জন্য একটি বড় স্বস্তির খবর মিলেছে। তেহরানের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহনের পথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে ভারত-সহ তাদের সমস্ত বন্ধু রাষ্ট্রগুলির বাণিজ্যিক জাহাজ নিশ্চিন্তে যাতায়াত করতে পারবে, সেখানে কোনো রকম বাধা সৃষ্টি করা হবে না।