স্বস্তির বৃষ্টিতে পারদ পতন কলকাতায়! কতদিন চলবে দুর্যোগ?

কলকাতা: সকাল থেকেই মুখভার আকাশের৷ সঙ্গে ঝোড়ো হাওয়া আর স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার এমনই মনোরম আবহাওয়ার সাক্ষী থাকল কলকাতা-সহ গোটা রাজ্য। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই স্বস্তি ...

By Moumita Biswas

Published:

Follow Us
Kalbaishakhi storm and rain alert in South Bengal

কলকাতা: সকাল থেকেই মুখভার আকাশের৷ সঙ্গে ঝোড়ো হাওয়া আর স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার এমনই মনোরম আবহাওয়ার সাক্ষী থাকল কলকাতা-সহ গোটা রাজ্য। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকলেও, শনিবার থেকেই ভোল বদলাবে আবহাওয়া। আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি একধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা, ফিরবে চরম আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গ ও কলকাতার হাল

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির জেরে কলকাতার পারদ অনেকটাই নিম্নমুখী। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রিতে নেমে আসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি কম।

   

উত্তরবঙ্গে কালবৈশাখীর সতর্কতা West Bengal rain forecast

দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি বেশি দুর্যোগপূর্ণ। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী, মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৫০-৭০ কিমি বেগে কালবৈশাখী আছড়ে পড়তে পারে। সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

সতর্কবার্তা

সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। এছাড়া বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google