কলকাতা: কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নেও বাজেটে কল্পতরু হল নতুন সরকার। উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল- রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সোমবার বিধানসভায় একগুচ্ছ যুগান্তকারী প্রকল্পের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বাজেট পেশ করার সময় তিনি জানান, উত্তরবঙ্গে নতুন আইআইটি (IIT) এবং এইমস (AIIMS) তৈরি করা হবে। পাশাপাশি, চিকিৎসা বিজ্ঞানের প্রসারে রাজ্যে ৬৫০টি নতুন এমবিবিএস (MBBS) আসন যুক্ত হতে চলেছে।
স্বাস্থ্য পরিকাঠামোয় মেগা প্রকল্প
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত এবং সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে বাজেটে একাধিক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মানুষদের উন্নত চিকিৎসার জন্য সেখানে একটি নতুন এইমস (AIIMS) এবং একটি সম্পূর্ণ আধুনিক ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে।
পাহাড় ও ডুয়ার্সের মানুষদের সুবিধার্থে আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে নতুন দু’টি মেডিক্যাল কলেজ তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে।
রাজ্যের ১৩টি মেডিক্যাল কলেজে মোট ৬৫০টি নতুন এমবিবিএস (MBBS) আসন বাড়ানো হবে, যা রাজ্যের ডাক্তারি পড়ুয়াদের জন্য এক বিরাট সুখবর। বীরভূমের সিউড়ি হাসপাতালকে আরও উন্নত ও আধুনিক পরিকাঠামো দিয়ে সাজিয়ে তোলা হবে।
উচ্চশিক্ষার প্রসারে, বিশেষত নারী এবং প্রান্তিক আদিবাসী সমাজের শিক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে এ দিনের বাজেটে। কারিগরি শিক্ষায় জোয়ার আনতে উত্তরবঙ্গে একটি নতুন আইআইটি (IIT) গড়ে তোলা হবে।
নারী শিক্ষার প্রসারে পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নতুন দু’টি বিশেষ মহিলা কলেজ তৈরি করা হবে।
জঙ্গলমহলের আদিবাসী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধার্থে ঝাড়গ্রামে একটি পূর্ণাঙ্গ আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। এই প্রকল্পের প্রাথমিক রূপরেখা তৈরির জন্য বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।



