লেকটাউনে পুলিশের জালে দুই সন্দেহভাজন, উদ্ধার চার কিলোগ্রামের সোনার বিস্কুট

কলকাতা: একই রঙের রেনকোট এবং হেলমেট পরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় দুই যুবককে পাকড়াও করল পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁদের একজনের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল…

কলকাতা: একই রঙের রেনকোট এবং হেলমেট পরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় দুই যুবককে পাকড়াও করল পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁদের একজনের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে মোট চারটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে, যার প্রতিটির ওজন এক কিলোগ্রাম করে। অর্থাৎ, উদ্ধার হওয়া সোনার মোট ওজন চার কেজি। (Two Youths Arrested with 4 Kg Gold Biscuits)

পুলিশ সূত্রে খবর, নিয়মিত টহলের অঙ্গ হিসেবে লেকটাউন থানার একটি পুলিশ ভ্যান বি ব্লকের লেকের সামনে টহলদারি চালাচ্ছিল। সেই সময় দুই যুবককে একই রকম দেখতে রেনকোট ও হেলমেট পরে অত্যন্ত সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত পুলিশকর্মীরা। এর পরেই তাঁদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

Advertisements

জিজ্ঞাসাবাদের সময় তাঁদের কথাবার্তায় অসঙ্গতি মেলায় পুলিশ তল্লাশি চালায়। ওডিশার বাসিন্দা ভগীরথ জানা নামক ওই যুবকের কাছে মেলে ওই সোনার বিস্কুটগুলি। এত পরিমাণ সোনা তাঁরা কোথায় পেলেন এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের নেপথ্যে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।