গঙ্গারামপুরে তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! কাঠগড়ায় দলেরই কর্মী

TMC Gangarampur Shooting

গঙ্গারামপুর: ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই জেলায় জেলায় রাজনৈতিক হিংসার ছবি সামনে আসছে। এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে খোদ শাসকদলের দুই গোষ্ঠীর বিবাদ গড়াল রক্তক্ষয়ী সংঘর্ষে। মঙ্গলবার মধ্যরাতে গঙ্গারামপুর থানার ঢিল ছোড়া দূরত্বে বড়বাজার এলাকায় শিবা চৌধুরী (২৯) নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ঘটনার বিবরণ ও সরাসরি অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ১টা নাগাদ নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন শিবা। অভিযোগ, ৭ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায় গঙ্গারামপুর টাউন তৃণমূলের এসসি-এসটি-ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী ও তাঁর অনুগামীরা শিবার গাড়ি আটকায়। মুহূর্তের মধ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি শিবার পেটে লাগে। থানার এত কাছে গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত বাবু চৌধুরী ও তাঁর দলবল ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

   

নেপথ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব?

আক্রান্ত শিবা চৌধুরী গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাসের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অন্যদিকে, অভিযুক্ত বাবু চৌধুরীও দলের এক প্রভাবশালী নেতা। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শিবা ও বাবুর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিবাদ চলছিল। সম্প্রতি ইন্দ্রনাথপুর কলোনি স্কুলের একটি ঘটনাকে কেন্দ্র করে দুই নেতার অনুগামীদের মধ্যে বিবাদ চরমে পৌঁছায়। সেই আক্রোশ থেকেই এই ‘টার্গেটেড অ্যাটাক’ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

পুলিশের তৎপরতা ও পলাতক অভিযুক্ত

আক্রান্তের ভাই বিপ্লব চৌধুরীর স্পষ্ট অভিযোগ, “দাদাকে খুনের ছক কষেই হামলা চালিয়েছে বাবু চৌধুরী। আমরা চাই পুলিশ অবিলম্বে দোষীদের গ্রেফতার করুক।” জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, একটি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনার পর থেকেই এলাকাছাড়া অভিযুক্ত তৃণমূল নেতা বাবু চৌধুরী। তাঁর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে গঙ্গারামপুর থানার পুলিশ।

ভোটের মুখে খোদ থানার সামনেই দলীয় কর্মীর ওপর এই প্রাণঘাতী হামলা জেলা তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে। এখন দেখার, পুলিশ অভিযুক্ত নেতার বিরুদ্ধে কতটা কড়া পদক্ষেপ গ্রহণ করে।