ট্র্যাক থেকে রাজনীতির ময়দানে! তৃণমূলে যোগ দিলেন ‘সোনার মেয়ে’ স্বপ্না বর্মন

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রহর গুনছে বাংলা। ঠিক তার আগেই উত্তরবঙ্গে পায়ের তলার মাটি শক্ত করতে ‘মাস্টারস্ট্রোক’ দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার শিলিগুড়িতে এক মেগা যোগদানের মাধ্যমে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Swapna Barman joins Trinamool Congress

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রহর গুনছে বাংলা। ঠিক তার আগেই উত্তরবঙ্গে পায়ের তলার মাটি শক্ত করতে ‘মাস্টারস্ট্রোক’ দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার শিলিগুড়িতে এক মেগা যোগদানের মাধ্যমে শাসক দলে নাম লেখালেন এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। অর্জুন পুরস্কারপ্রাপ্ত এই তরুণীর পাশাপাশি পাহাড়ের দাপুটে নেতা তথা কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাও ঘাসফুল শিবিরে শামিল হওয়ায় উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ ওলটপালট হয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সোনার মেয়ের ‘তৃণমূল’ যাত্রা

এদিন শিলিগুড়িতে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু এবং মেয়র গৌতম দেবের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন স্বপ্না। ২০১৮ সালে জাকার্তায় হেপ্টাথলনে সোনা জিতে ইতিহাস গড়া জলপাইগুড়ির এই কন্যার রাজনীতিতে আসা নিয়ে জল্পনা ছিল দীর্ঘদিনের। সম্প্রতি শিলিগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ নিভৃত আলাপচারিতা সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছিল। অ্যাথলেটিক্স ট্র্যাকে পিঠের চোটের কারণে লড়াই থামলেও, রাজনীতির ময়দানে স্বপ্নার এই নয়া ইনিংস তৃণমূলের কাছে বড় হাতিয়ার হতে চলেছে। বিশেষ করে রাজবংশী ভোটব্যাঙ্ক এবং ক্রীড়াপ্রেমী যুবকদের কাছে স্বপ্নার গ্রহণযোগ্যতাকে কাজে লাগাতে চাইছে নবান্ন।

   

পাহাড়ের ‘মুক্ত পাখি’ এবার জোড়াফুলে

স্বপ্নার আগে তৃণমূলের হাতে বড় সাফল্য এসেছে কার্শিয়াং-এর বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার যোগদান। ২০২১ সালে নির্দল হিসেবে লড়ে জিতে বিজেপিতে যাওয়া বিষ্ণুপ্রসাদ দীর্ঘদিন ধরেই বেসুরো ছিলেন। গত ১৯ ফেব্রুয়ারি তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি ঘাসফুল শিবিরে যোগ দেন। দলবদলের আগে তিনি নিজেকে ‘শৃঙ্খলমুক্ত পাখি’ বলে অভিহিত করেছিলেন। পাহাড়ের নিজস্ব সমস্যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। কার্শিয়াং ও সংলগ্ন পাহাড়ে তাঁর নিজস্ব জনভিত্তি থাকায় বিধানসভা ভোটের আগে পাহাড়ের গেরুয়া দুর্গে এটি বড় ফাটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উত্তরবঙ্গে নয়া রণকৌশল

গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিজেপির কাছে হার মানতে হয়েছিল তৃণমূলকে। এবার তাই প্রার্থী তালিকা এবং সংগঠন সাজাতে সম্পূর্ণ নয়া কৌশল নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। স্বপ্না বর্মনের মতো আন্তর্জাতিক আইকন এবং বিষ্ণুপ্রসাদ শর্মার মতো পাহাড়ের লড়াকু নেতাকে সামনে রেখে তৃণমূল এবার উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গোর্খা এবং রাজবংশী, উভয় সম্প্রদায়ের প্রভাবশালী মুখদের দলে টেনে বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেওয়াই লক্ষ্য।

এদিন যোগদানের পর স্বপ্না বর্মন জানান, “মুখ্যমন্ত্রী সবসময় খেলোয়াড়দের পাশে থেকেছেন। তাঁর কাজ দেখেই আমি মানুষের সেবায় নামতে অনুপ্রাণিত হয়েছি।” অন্যদিকে, বিষ্ণুপ্রসাদ শর্মার যোগদান পাহাড়ের রাজনীতিতে বিমল গুরুং বা অনিত থাপাদের পাশাপাশি তৃণমূলের সরাসরি প্রভাব আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।