কলকাতা: গত বছরের মাঝামাঝি সময় থেকেই অনিশ্চয়তার মধ্যে ছিল ভারতের প্রথম ও দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ (Indian Football League)। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে সমস্ত জটিলতা কাটিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ। অন্যান্য বছর গুলির তুলনায় এবার ফরম্যাটের বদল আসলেও প্রথম থেকেই যথেষ্ট জমজমাট ভাবে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। তবে দ্বিতীয় ডিভিশন লিগ নিয়েছিল ধোঁয়াশা। অবশেষে শুক্রবার থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়ান ফুটবল লিগ। আইলিগের নয়া সংস্করণ। কিন্তু কোথায় সম্প্রচারিত হবে এই টুর্নামেন্ট।
সেই নিয়ে ছিল ব্যাপক ধোঁয়াশা। অবশেষে গত বৃহস্পতিবার বিকেলে চূড়ান্ত হয়ে যায় সেটি। যারফলে এবার প্রসার ভারতীর মধ্য দিয়ে সম্প্রচারিত হতে চলেছে এই টুর্নামেন্ট। জানা গিয়েছে এই টুর্নামেন্ট সম্প্রচার থেকে যে অর্থ উঠে আসবে সেটি নির্দিষ্ট ভাগে বিভক্ত হয়ে যাবে দুই দিকে। এক্ষেত্রে বড় অংশ পেতে চলেছে ক্লাব গুলি। বাকি অংশ থাকছে এই টুর্নামেন্ট সংস্থার রেভিনিউ পুলে। নির্ধারিত সূচি অনুযায়ী এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে নামধারী এফসি এবং আইজল এফসি। ঠিক তার পরের দিন অভিযান শুরু করতে চলেছে বাংলার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসি।
যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চানমারি এফসি। উল্লেখ্য, গত কয়েক মরসুম ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট প্রভাব বিস্তার করে আসছে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার। তৃতীয় ডিভিশনের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগে ও দাপট থেকেছে দলের। এমনকি এবারের ডুরান্ড কাপে ও তাক লাগানো পারফরম্যান্স ছিল এই দলের। তবে এবার ইন্ডিয়ান ফুটবল লিগে আদৌও কতটা সুবিধা করতে পারে লুকা মাজসেনরা, সেটাই দেখার।




















