কলকাতা: সমস্ত জল্পনার অবসান। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক নতুন যুগের সূচনা করে রাইটার্স বিল্ডিংয়ের চাবিকাঠি হাতে নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবার সকালে কলকাতায় পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ম্যারাথন বৈঠকের পরেই এই খবর প্রকাশ্যে আসে। বিকেল হতেই স্পষ্ট, কাঁথির শান্তিকুঞ্জের মেজো ছেলেই বসছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। (Suvendu Adhikari BJP Chief Minister)
শাহের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
এদিন সকালে কলকাতায় পা দিয়েই রাজ্য নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসেন অমিত শাহ। সূত্রের খবর, সেখানে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নামই প্রস্তাব করেন। যদিও দৌড়ে শমীক ভট্টাচার্য নিজে ছাড়াও স্বপন দাশগুপ্ত ও উৎপল মহারাজের মতো হেভিওয়েটদের নাম ছিল, কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞ ও লড়াকু ভাবমূর্তির শুভেন্দুতেই আস্থা রাখল দিল্লি।
শুভেন্দুর সাফল্যের রসায়ন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দুর এই উত্তরণ আকস্মিক নয়। ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো ছিল তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। ২০২৬-এর নির্বাচনেও নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো হাই-ভোল্টেজ কেন্দ্রে তাঁর বিপুল জয় দিল্লীর নেতাদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পরপর দু’বারের এই ‘মাস্টারস্ট্রোক’ই তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা মসৃণ করে দিল। সূত্র মারফত জানা যাচ্ছিল, ভারসাম্য বজায় রাখতে রাজ্যে দু’জন উপমুখ্যমন্ত্রী (Deputy CM) নিয়োগ করা হতে পারে। যার মধ্যে একজন মহিলা মুখ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কোনও উপ মুখ্যমন্ত্রী থাকছেন না?
পূর্ব মেদিনীপুর থেকে ফের মুখ্যমন্ত্রী
বাংলার প্রশাসনিক ইতিহাসে পূর্ব মেদিনীপুর (তৎকালীন অখণ্ড মেদিনীপুর) থেকে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়। ১৯৬৭ সালে প্রথমবার এবং পরবর্তীতে ১৯৭১ সালেও তিনি যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর দীর্ঘ সাড়ে পাঁচ দশক কেটে গেলেও এই মাটি থেকে আর কেউ বাংলার সর্বোচ্চ প্রশাসনিক পদে বসেননি। ২০২৬-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর শুভেন্দু অধিকারীর এই উত্তরণ যেন সেই হারানো গৌরবকেই পুনপ্রতিষ্ঠিত করল।
শনিবার সকাল ১০টায় ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে শপথ নেবেন শুভেন্দু অধিকারী৷ সেই সঙ্গে বাংলার প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।




















