পুজোয় টানা ডিউটি করলেই রিওয়ার্ড! রাজ্য পুলিশ ও হোমগার্ডদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: উৎসবের মরশুমে ঘরের উৎসব ফেলে রেখে রাজ্যবাসীকে সুরক্ষা দিতে দিন-রাত এক করে ডিউটি করেন পুলিশকর্মীরা। এবার সেই সমস্ত পুলিশ ও হোমগার্ড কর্মীদের জন্য এক…

anti hooliganism act to be effective from monday

কলকাতা: উৎসবের মরশুমে ঘরের উৎসব ফেলে রেখে রাজ্যবাসীকে সুরক্ষা দিতে দিন-রাত এক করে ডিউটি করেন পুলিশকর্মীরা। এবার সেই সমস্ত পুলিশ ও হোমগার্ড কর্মীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এল রাজ্য সরকার। ২০২৫ সালের দুর্গাপূজা-সহ অন্যান্য গেজেটেড (সরকারি) ছুটিতে টানা ৭ দিনের বেশি ডিউটি করা কর্মীদের জন্য একগুচ্ছ অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য ও কলকাতা হোমগার্ড সংগঠনের সকল স্তরের কর্মীরা এই নতুন সুবিধার আওতায় আসবেন।

রাজ্য স্বরাষ্ট্র দফতরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য কর্মীরা তাঁদের এই অতিরিক্ত পরিশ্রমের পরিপূরক বা রিওয়ার্ড হিসেবে মোট ১০ দিনের বিশেষ ছুটির সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি বা কমপেনসেটরি ক্যাজুয়াল লিভ (Compensatory Casual Leave)। এর পাশাপাশি, রাজ্যপালের অনুমোদনক্রমে আরও ২ দিনের অতিরিক্ত বিশেষ ছুটি (Special Leave) মঞ্জুর করা হয়েছে।

ছুটি নেওয়ার ক্ষেত্রে নবান্নের কড়া নিয়ম

তবে এই অতিরিক্ত ১০ দিনের ছুটি ভোগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের এই ১০ দিনের ছুটি আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে ব্যবহার করে নিতে হবে। সাধারণ ক্যাজুয়াল লিভ (CL) ছাড়া অন্য কোনও ধরনের ছুটি, গেজেটেড ছুটি কিংবা স্থানীয় ছুটির সঙ্গে মিলিয়ে বা যুক্ত করে এই বিশেষ ছুটি নেওয়া যাবে না।

রাজ্য সরকারের এই বড়সড় এবং মানবিক সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পুলিশ ও হোমগার্ড কর্মীদের অন্দরে। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের আনন্দের জন্য যাঁরা নিজের পরিবারকে সময় দিতে পারেন না, সরকারের এই পদক্ষেপ তাঁদের মানসিক চাপ অনেকটাই কমাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।