শ্রীজাতর গ্রেফতারির জল্পনায় জল ঢালল কমিশন

Srijato arrest warrant

কলকাতা: ২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ডামাডোলের মধ্যেই বুধবার সকাল থেকে একটি খবরে তোলপাড় শুরু হয় রাজ্যজুড়ে। রটে যায়, জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে খোদ নির্বাচন কমিশন! কিন্তু জল্পনা ছড়াতেই দ্রুত আসরে নামে কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই খবর ‘ষোলো আনা মিথ্যা’। কমিশনের নির্দেশে শ্রীজাতর বিরুদ্ধে আলাদা করে কোনও গ্রেফতারি পরোয়ানাই জারি হয়নি।

গুজবের সূত্রপাত এবং আসল ঘটনা

ঘটনার শিকড় লুকিয়ে রয়েছে কয়েক বছর আগের একটি পুরনো মামলায়। ২০১৯ সালের জানুয়ারিতে শ্রীজাতর লেখা একটি কবিতাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। এর জেরে কৃষ্ণনগর আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। বর্তমানে মামলাটি কলকাতা হাই কোর্টে বিচারাধীন। আগামী জুন মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

   

কমিশনের সাধারণ নির্দেশিকা বনাম শ্রীজাতর নাম Srijato arrest warrant rumour

নির্বাচন কমিশনের স্পষ্ট দাবি, আলাদা করে কবি শ্রীজাতর নাম উল্লেখ করে কোনও নির্দেশ দেওয়া হয়নি বা তাঁর বিরুদ্ধে নতুন কোনও অভিযোগও নেই। ভোটের আগে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে ‘স্ট্যান্ডার্ড প্রোটোকল’ মেনে পুলিশকে একটি সাধারণ নির্দেশ দেয় কমিশন। সেই নির্দেশে বলা হয়, রাজ্যের সমস্ত পুরনো অমীমাংসিত মামলা বা বকেয়া গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর করতে হবে।

হাজার হাজার বকেয়া মামলার সেই সাধারণ তালিকাতেই ‘স্বাভাবিক নিয়মে’ বা বাই-ডিফল্ট রয়ে গিয়েছে শ্রীজাতর নাম। প্রশাসনিক প্রক্রিয়ার এই রুটিন নির্দেশকেই ভুলভাবে ব্যাখ্যা করে শ্রীজাতকে গ্রেফতারের ‘বিশেষ নির্দেশ’ বলে রটিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের এই বিবৃতির পর শ্রীজাতকে ঘিরে তৈরি হওয়া গ্রেফতারি বিতর্কের সম্পূর্ণ অবসান ঘটল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।