কলকাতা: কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়কে মান্যতা দিয়ে রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেল ওবিসি (OBC) বা অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ সংক্রান্ত জোড়া গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। এই বিল পাশের ফলে রাজ্যে অনগ্রসর শ্রেণির সংরক্ষণ ব্যবস্থায় আমূল পরিবর্তন এল। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ওবিসি-দের জন্য যে ১৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, নয়া বিলে তা কমিয়ে ৭ শতাংশ করা হল।
রাজ্য সরকার এদিন স্পষ্ট করে দিয়েছে যে, কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করতেই সংরক্ষণের নিয়মে এবং তালিকায় এই রদবদলগুলি আনা হয়েছে। (West Bengal OBC Amendment Bill 2026)
কোন কোন বিল পাশ হল?
বিধানসভায় এদিন যে দু’টি বিল পাশ হয়েছে, সেগুলি হল-
- পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধনী) বিল, ২০২৬
- পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ব্যতীত) (সরকারি চাকরি ও পদে সংরক্ষণ) সংশোধনী বিল, ২০২৬
ওবিসি ‘এ’ ও ‘বি’ তালিকায় কী বদল এল?
নতুন বিল অনুযায়ী, রাজ্যে বর্তমানে ওবিসি ‘এ’ (Category A)-এর আওতায় থাকা ৬৫টি সম্প্রদায়ের তালিকায় কোনও পরিবর্তন করা হয়নি। তবে তৃণমূল কংগ্রেসের আমলে ওবিসি ‘বি’ (Category B)-এর আওতায় থাকা ৭৮টি সম্প্রদায়ের যে তালিকা তৈরি করা হয়েছিল, নয়া আইনে তা পুরোপুরি বাতিল করা হয়েছে। রাজ্য জানিয়েছে, ভবিষ্যতে কোনও সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার বিষয়টি আর পুরনো তালিকার ভিত্তিতে হবে না। বরং রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনের বিস্তারিত সমীক্ষা ও সুপারিশ অনুযায়ী তা চূড়ান্ত করা হবে।
আইনগত কী কী পরিবর্তন হচ্ছে?
আইনের নাম পরিবর্তন করে ‘West Bengal Backward Classes (Reservation in Posts) Act, 2012’ করা হচ্ছে। ওবিসি হিসেবে কোন সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া হবে, তা ১৯৯৩ সালের ‘West Bengal Commission for Backward Classes Act’ অনুযায়ী নির্ধারণ করা হবে। পুরনো আইনের ১৬ নম্বর ধারা বাতিল করা হচ্ছে। পুরনো তফসিল-১ এবং তফসিল-৩ সম্পূর্ণ বাদ দেওয়া হচ্ছে। বর্তমান তফসিল-২’কেই এখন থেকে নতুন তফসিল-১ হিসেবে গণ্য করা হবে।
সংরক্ষণের নয়া নিয়ম কী?
রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে আলোচনা করে তবেই ওবিসি সংরক্ষণের হার নির্ধারণ করবে। প্রয়োজনে সরকারি গ্যাজেট প্রকাশ করে সেই হারে পরিবর্তনও করা যাবে। তবে বিলে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) মিলিয়ে রাজ্যে মোট সংরক্ষণের পরিমাণ কখনওই ৫০ শতাংশের বেশি হবে না। পাশাপাশি, সামাজিক, শিক্ষাগত ও আর্থিক অবস্থার ভিত্তিতে ওবিসি-দের বিভিন্ন শ্রেণিতে ভাগ করে প্রতিটি শ্রেণির জন্য আলাদা সংরক্ষণের হার নির্ধারণ করার ক্ষমতাও রাখা হয়েছে।
অনগ্রসর শ্রেণি কমিশনেও রদবদল
‘West Bengal Backward Classes Commission (Amendment) Bill, 2026’ অনুযায়ী কমিশনের কাঠামোতেও বদল আনা হয়েছে। এবার থেকে কমিশনে একজন চেয়ারম্যান, তিনজন সদস্য এবং একজন সদস্য-সচিব থাকবেন। সদস্য-সচিব পদে এমন একজন আধিকারিককে নিয়োগ করা হবে, যাঁর রাজ্য সরকারের অতিরিক্ত সচিব পদে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা রয়েছে।



