ব্রিগেডে যাওয়ার স্পেশাল ট্রেন প্রায় ফাঁকা, বাস আটকে তাণ্ডবের অভিযোগ

ঝাড়গ্রাম: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্রিগেড সমাবেশ ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রস্তুতি চললেও ঝাড়গ্রাম জেলায় তার তেমন প্রভাব চোখে পড়ল না। ব্রিগেড সমাবেশ সফল করতে স্পেশাল ট্রেনেরও (Special trains) ব্যবস্থা করা হয়।

ঝাড়গ্রামের গিধনী থেকে ছাড়া ব্রিগেড স্পেশাল ট্রেন প্রায় ফাঁকাই রয়ে যায়। ঝাড়গ্রাম স্টেশনেও যাত্রীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। যদিও বিজেপি নেতাদের দাবি, বহু কর্মী-সমর্থক বাসে করে ব্রিগেড সমাবেশে যোগ দিতে গিয়েছেন। তবে বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রাম জেলায় বিজেপি কর্মীদের প্রত্যাশিত ভিড় চোখে না পড়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে আলোচনা।

   

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় বাসের একাধিক কাঁচ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ব্রিগেড সমাবেশে যোগ দিতে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি বেসরকারি রুটের বাস রওনা দেয়। বাসটি আহার মুন্ডা এলাকার দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক বাইকে করে এসে বাসটিকে আটকে দেয়। তারা বাসের চালকের কাছে জানতে চায় বাসটি কোথায় যাচ্ছে।

চালক ব্রিগেডে বিজেপির কর্মসূচিতে যাওয়ার কথা জানাতেই অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, দুষ্কৃতীরা বাসের কাঁচ ভেঙে দেয় এবং চালক ও খালাসীকেও মারধর করা হয়, ফলে তাদের হাতেও আঘাত লাগে। পরিস্থিতি বেগতিক বুঝে চালক দ্রুত বাসটি ঘুরিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন বলে জানা গেছে।

ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ব্রিগেড সমাবেশে যাওয়া আটকাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।

অপরদিকে, পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূলের মিছিলে আচমকা এসে পৌঁছায় বিজেপির ব্রিগেডের উদ্দেশ্যে কর্মী সমর্থকদের বাস। আর সেই বাসকে যানজটমুক্ত করতে রাস্তায় তৃণমূলের নেতা কর্মীরা নেমে পড়ে।

তৃণমূল এবং বিজেপি সমর্থকরা হারনেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। মিছিল থামিয়ে প্রথমে বিজেপির ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়ার বাস যানজটমুক্ত করে দেয় তৃণমূল কর্মী সমর্থকেরা এমনই ব্যতিক্রমী ছবি ধরা পড়ল ময়নায়।