কাটমানির অভিযোগে TMC উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ, পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা

সরকারি প্রকল্পে কাটমানি ও দুর্নীতির অভিযোগে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের এক উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

tmc-deputy-pradhan-protest-over-cut-money-allegations-dantan

দাঁতন, পশ্চিম মেদিনীপুর: কাটমানি নেওয়া এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার শিয়ালসাই ২ নম্বর অঞ্চল। অভিযোগের মুখে পড়লেন এলাকার প্রাক্তন প্রধান (TMC) তথা বর্তমান উপপ্রধান। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর পর পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত উপপ্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্প, আবাসন প্রকল্পে ঘর পাইয়ে দেওয়া এবং উন্নয়নমূলক কাজের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠছিল। গ্রামবাসীদের দাবি, একাধিকবার বিষয়টি নিয়ে আপত্তি জানানো হলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

   

Also Read | তুমুল ঝড়বৃষ্টি তিলোত্তমায়! ভাঙল গাছ! কলকাতা সহ ৭ জেলায় কমলা সতর্কতা

অভিযোগ, সোমবার এলাকাবাসীরা একজোট হয়ে উপপ্রধানকে ঘিরে ধরেন এবং বিভিন্ন অভিযোগের জবাব চান। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে গ্রামবাসীরা মোহনপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

গ্রামবাসীদের একাংশের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে তাঁদের কাছ থেকে কমিশন বা কাটমানি দাবি করা হত। বিষয়টি নিয়ে তাঁরা পুলিশের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহলদারি বাড়ানো হয়েছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের একাংশ দীর্ঘদিন ধরেই দুর্নীতির সঙ্গে যুক্ত। যদিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাদের।

পুলিশ সূত্রে খবর, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।