কলকাতা: সকাল থেকে ভ্যাপসা গরম আর চরম অস্বস্তি। কিন্তু দুপুর ২টো বাজতেই আচমকা পালটে গেল শহরের ছবি। কালো মেঘে ঢেকে গেল আকাশ, আর তার পরেই শুরু হল ঝেঁপে বৃষ্টি! সঙ্গে দোসর বেপরোয়া ঝোড়ো হাওয়া। মঙ্গলবার দুপুরের এই হঠাৎ দুর্যোগে কলকাতার একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে বিপত্তি তৈরি হয়েছে। জওহরলাল নেহরু রোডে বিধান মার্কেটের সামনে আড়াআড়িভাবে গাছ উপড়ে পড়ায় সাময়িকভাবে তীব্র যানজটের সৃষ্টি হয়। (Kolkata Orange Alert Heavy Rain)
হাওয়া অফিসের কমলা সতর্কতা
পরিস্থিতির ভয়াবহতা বিচার করে আলিপুর আবহাওয়া দফতরের তরফে দুপুর ২টো ৪০ মিনিট থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার জন্য কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। পাশাপাশি এই সতর্কতা রয়েছে পুরুলিয়াতেও। হাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকায় শহরবাসীকে নিরাপদ আশ্রয়ে থাকার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
কেন এই হঠাৎ দুর্যোগ?
আবহাওয়া দফতর সূত্রে খবর, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা বর্তমানে হরিয়ানা ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে অবস্থান করছে। একই সঙ্গে পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত আরও একটি নিম্নচাপ সক্রিয় থাকার কারণেই এই আচমকা ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।



