আসানসোল: প্রথম দফার ভোটের মাঝেই তপ্ত শিল্পাঞ্চল। এবার আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ওপর হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার আসানসোলের হীরাপুর থানা এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে দাবি। এই ঘটনায় অগ্নিমিত্রার গাড়ির পিছনের কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
ঠিক কী ঘটেছিল?
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের অভিযোগ, এদিন দুপুরে তিনি বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন। হীরাপুর থানা এলাকার রহমতনগর হাই স্কুলের বুথ পরিদর্শন করে যখন তিনি বেরোচ্ছিলেন, তখনই হঠাৎ তাঁর চলন্ত গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে একদল দুষ্কৃতী। মুহূর্তের মধ্যে গাড়ির পিছনের দিকের কাচ ভেঙে যায়। অল্পের জন্য রক্ষা পান প্রার্থী ও তাঁর নিরাপত্তারক্ষীরা।
থানায় বিক্ষোভ ও অভিযোগ Agnimitra alleges attack in Asansol
হামলার ঘটনার পরই সোজা হীরাপুর থানায় পৌঁছান অগ্নিমিত্রা৷ সেখানে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। অগ্নিমিত্রার দাবি, “ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে।” যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এই ঘটনার পর থেকে হীরাপুর থানা এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। বুথ পরিদর্শনে গিয়ে প্রার্থীর ওপর এমন হামলায় কমিশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল বিজেপি শিবির।




















