খড়গপুরে সিভিক খুনে মহারাষ্ট্র থেকে গ্রেফতার জাভেদ

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer Murder) তুলসী রাও ওরফে উদয় খুনে সর্বশেষ অভিযুক্তকেও গ্রেফতার করল খড়গপুর টাউন থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের থানে থেকে ...

By Sandipa Sil

Published:

Follow Us

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer Murder) তুলসী রাও ওরফে উদয় খুনে সর্বশেষ অভিযুক্তকেও গ্রেফতার করল খড়গপুর টাউন থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের থানে থেকে অভিযুক্ত মহম্মদ জাভেদ (২৬)-কে পাকড়াও করে খড়গপুর টাউন থানার টিম।

বৃহস্পতিবার বিকেলে তাকে চার দিনের ট্রানজিট রিমান্ডে খড়গপুর নিয়ে আসা হয়। এর আগেই এই খুনের মমলায় বাকি পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছিল খড়গপুর টাউন থানার পুলিশ। তারা জেল হেফাজতে আছে বলে জানিয়েছেন খড়গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর। সেই সঙ্গে জাভেদকে শুক্রবার খড়্গপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

   

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর ভোর রাতে খড়্গপুর স্টেশন সংলগ্ন একটি চা দোকানে বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে একদল মত্ত যুবকদের সঙ্গে বচসায় জড়িয়ে প্রহৃত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অধীন খড়গপুর টাউন থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার তুলসী রাও ওরফে উদয়। গত ২৭ ডিসেম্বর, ওডিশার কটকের একটি হাসপাতালে মৃত্যু হয় উদয়ের।

ঘটনা ঘিরে উত্তাল হয় খড়গপুর। টাউন থানার সামনে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকেরা। ঘটনায় মোট ৬ জনের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় এফআইআর দায়ের হয়। ১৬ ডিসেম্বরই পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্ত শেখ শারফুদ্দিন এবং রাহুল শ্রীবাস্তবকে।

পরে একে একে গ্রেফতার করা হয় রৌশন সাহু, রোহন শঙ্কর এভং সোনু সোনকারকে। অন্য অভিযুক্ত মহম্মদ জাভেদ সুযোগ বুঝে পালিয়ে যায় মহারাষ্ট্রে। সেই সঙ্গেই নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে লেখে- ‘দম হ্যায় তো পকড়কে দিখা!’ এরপরে পুলিশও জাল বিছিয়ে রেখেছিল। শহরের আজাদবস্তি এলাকার বাসিন্দা মহম্মদ জাভেদের বন্ধুবান্ধব ও আত্মীয়-পরিজনদের ফোনে আড়ি পাতা শুরু করে পুলিশ। ট্র্যাক করা জাভেদের ফোনও।

শেষমেশ খড়গপুর টাউন থানার পুলিশ জানতে পারে, মহারাষ্ট্রের থানে এলাকায় এল অ্যান্ড টি সংস্থায় কাজ করা শুরু করেছে জাভেদ। গত প্রায় একমাসের বেশি সময় ধরে বেশ নিশ্চিন্তেই দিন কাটছিল জাভেদের! বুধবার সন্ধ্যায় কাজ থেকে ফিরে একটি দোকানে আয়েশ করে চা চুমুকও দিচ্ছিল সে। সেই সময়ই পিছন থেকে গিয়ে সাদা পোশাকের পুলিশ পাকড়াও করে জাভেদকে। বৃহস্পতিবার বিকেলে গীতাঞ্জলী এক্সপ্রেসে চাপিয়ে তাকে আনা হয় খড়গপুরে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Sil

আইনের ছাত্রী। শিক্ষানবীশ আইনজীবী। সাংবাদিকের সঙ্গে সংসারের সূত্রে সংবাদে আগ্রহ। কলকাতা24x7-এর মাধ্যমে পথ চলার শুরু।

Follow on Google