শুভেন্দুকে ‘সেরা মুখ্যমন্ত্রী’র সার্টিফিকেট! শুভেন্দু বললেন ‘মিঠুনদা মহাগুরু’

কলকাতা: বাংলার রাজনৈতিক পালাবদলের পর এবার এক ফ্রেমে ধরা দিলেন ‘মহাগুরু’ ও নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকাল সকাল বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর নিউটাউনের ফ্ল্যাটে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Shuvendu Adhikari Mithun Chakraborty meeting

কলকাতা: বাংলার রাজনৈতিক পালাবদলের পর এবার এক ফ্রেমে ধরা দিলেন ‘মহাগুরু’ ও নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকাল সকাল বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর নিউটাউনের ফ্ল্যাটে হাজির হন তিনি। প্রায় এক ঘণ্টা দু’জনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে মিঠুন চক্রবর্তীকে ‘দৃঢ় রাষ্ট্রবাদী নেতা’ বলে যেমন প্রশংসা করলেন শুভেন্দু, তেমনই শুভেন্দুকে ‘বাংলার সেরা মুখ্যমন্ত্রী’ বলে সার্টিফিকেট দিলেন মহাগুরু। (Shuvendu Adhikari Mithun Chakraborty meeting)

‘আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছেই আসবে’

মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী একগাল হেসে সাংবাদিকদের জানান, “মিঠুনদা আগেই আমার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু আমি ওঁকে বলেছিলাম, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার সঙ্গে দেখা করতে নিজে আপনার বাড়ি আসবে।” মিঠুনের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “গত ছয় বছরেরও বেশি সময় ধরে উনি বাংলায় পরিবর্তনের জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন। উনি অত্যন্ত জনপ্রিয় এবং একজন দৃঢ় রাষ্ট্রবাদী নেতা। নির্বাচনী প্রচারে উনি সাধারণ মানুষকে যে সমস্ত উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি হয়তো একসঙ্গে পূরণ করা সম্ভব নয়, তবে আমরা ধাপে ধাপে প্রতিটা প্রতিশ্রুতি পূরণ করব।”

   

সিনেমার চেয়েও মিঠুনদা আলাদা: শুভেন্দু

নিজের সিনেমা দেখার অভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু জানান, তিনি ক্লাস এইটের পর আর কোনও সিনেমা দেখেননি। কিন্তু মিঠুন চক্রবর্তীর স্থান তাঁর কাছে একেবারেই আলাদা। মুখ্যমন্ত্রীর কথায়, “মিঠুনদা তো মিঠুনদাই! তিনি সত্যিই মহাগুরু।” অন্যদিকে, শুভেন্দুকে পাশে নিয়ে আপ্লুত মিঠুন চক্রবর্তীও স্পষ্ট জানান, “এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আর হতে পারে না, আমরা সত্যিই ভাগ্যবান।”

মিঠুনের ফ্ল্যাট থেকে সোজা অভিষেকের ‘দুর্গে’

মহাগুরুর ফ্ল্যাটে এই সৌজন্য সাক্ষাৎ সেরেই মুখ্যমন্ত্রী সরাসরি রওনা দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। আজ দুপুর ১টা নাগাদ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে তাঁর জীবনের প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে চলেছেন শুভেন্দু।

সূত্র মারফত জানা গিয়েছে, ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি হাই-লেভেল মিটিং করবেন তিনি। পাশাপাশি এলাকার সব বিধায়কদের নিয়েও একটি রিভিউ বৈঠক হবে। রাজনৈতিক মহলের ধারণা, অভিষেকের গড়ে দাঁড়িয়েই আজ ডায়মন্ড হারবার ও সুন্দরবনের মানুষের জন্য একগুচ্ছ বড়সড় উন্নয়নমূলক প্রকল্পের মেগা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google