কলকাতা: রথযাত্রার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার সকালে ১১৬ বি জাতীয় সড়কের হেঁড়িয়া এলাকায় একটি বাসে লরির ধাক্কায় প্রাণ হারালেন চার জন। মৃতদের মধ্যে বাসের মালিক, চালক এবং দুই হেল্পার রয়েছেন বলে জানা গিয়েছে। (road accident nandakumar four dead)
কীভাবে ঘটল দুর্ঘটনা?
সূত্রের খবর, কলকাতা থেকে দিঘাগামী যাত্রিবাহী বাসটি নন্দকুমারের হেঁড়িয়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়েছিল। যাত্রীদের নামিয়ে দিয়ে সেই সময় বাসের চালক ও কর্মীরা বাস সারানোর কাজ করছিলেন। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে দিঘাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
মৃত ও আহতদের পরিচয়
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। মৃতদের নাম তপন দাস (৪৪), শিবব্রত পট্টনায়ক (৫৯), অশোক মাইতি এবং শুভদীপ মণ্ডল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় আরও অন্তত দু’জন চিকিৎসাধীন রয়েছেন।
তদন্তে পুলিশ
দুর্ঘটনার পরই ঘাতক লরিটিকে আটক করেছে খেজুরি থানার পুলিশ। তবে লরির চালক পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে সকালের দিকে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। রথযাত্রার দিন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সব পদ থেকে ইস্তফা! মমতার হাত ছাড়লেন মদন মিত্র
কামদুনিকাণ্ডের ফাইল খোলার আর্জি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মৌসুমি-টুম্পা





