
নয়াদিল্লি: রাজ্যসভার উপনেতার পদ থেকে অপসারণ এবং তারপর তাঁর পালটা ভিডিও বার্তা, সব মিলিয়ে রাঘব চাড্ডা এবং আম আদমি পার্টির মধ্যে সংঘাত এবার চরম আকার ধারণ করল। শুক্রবার আপের জাতীয় মিডিয়া প্রধান অনুরাগ ধান্দা সরাসরি রাঘবকে নিশানা করে তীব্র আক্রমণ শানান। তাঁর স্পষ্ট অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুলতেই এখন ভয় পাচ্ছেন রাঘব!
‘মোদীর বিরুদ্ধে বলতে ভয় লাগে’
রাঘবের সাহসিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে অনুরাগ ধান্দা বলেন, “আমরা অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক। নির্ভীকতাই আমাদের দলের প্রধান পরিচয়। কিন্তু গত কয়েক বছর ধরে তুমি বড্ড ভয় পাচ্ছ, রাঘব। মোদীর বিরুদ্ধে কথা বলতে তোমার ভয় লাগে। দেশের জ্বলন্ত ইস্যুগুলো নিয়ে সরব হতেও তুমি ভয় পাচ্ছ।” মোদীকে ভয় পেলে দেশের জন্য লড়াই কীভাবে সম্ভব, সেই তীক্ষ্ণ প্রশ্নও তোলেন এই আপ নেতা।
সিঙাড়ার দাম না দেশ বাঁচানো? Raghav Chadha AAP conflict
সংসদে রাঘবের ভূমিকা নিয়েও এদিন তীব্র কটাক্ষ করে দল। আপের বক্তব্য, সংসদে কথা বলার জন্য দল এমনিতেই খুব সীমিত সময় পায়। সেই অমূল্য সময়কে দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরার জন্য ব্যবহার করা উচিত। রাঘবকে তীব্র কটাক্ষ করে অনুরাগ বলেন, “ওইটুকু সময়ের মধ্যে আমরা হয় দেশ বাঁচানোর লড়াই করতে পারি, আর না হলে বিমানবন্দরের ক্যান্টিনে কীভাবে সিঙাড়ার দাম কমানো যায়, তা নিয়ে আলোচনা করতে পারি!”
দলের সঙ্গে দূরত্বের অভিযোগ
দলীয় নির্দেশ অমান্য করা এবং সঙ্কটের সময় দলের পাশে না দাঁড়ানোর একাধিক সুনির্দিষ্ট অভিযোগও এদিন আনা হয়েছে রাঘবের বিরুদ্ধে। আপ নেতার দাবি, গুজরাটে আপ কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হলেও, তা নিয়ে সংসদে টুঁ শব্দটিও করেননি রাঘব।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যখন দল প্রস্তাব এনেছিল, তখন তাতে সই করতে সরাসরি অস্বীকার করেন তিনি।
দলের অন্যান্য সাংসদরা যখন প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন, তখনও রাঘব দলের সঙ্গে না গিয়ে নিজের আসনেই বসেছিলেন।
রাজনৈতিক মহলের মতে, দলের অন্দরে রাঘব চাড্ডাকে নিয়ে যে অসন্তোষ দীর্ঘ দিন ধরে ধিকিধিকি জ্বলছিল, রাজ্যসভার পদ খোয়ানোর পর এবং আপের এই প্রকাশ্য আক্রমণের মধ্য দিয়ে তা এবার একেবারে প্রকাশ্যে চলে এল।

