কলকাতা: প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে নিয়ে শনিবার সকালে পানিহাটির বিভিন্ন এলাকায় তদন্তে নামল খড়দা থানার পুলিশ। পুলিশি হেফাজতে থাকাকালীন আদালতের নির্দেশ মেনে তদন্তের স্বার্থে তাঁকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান তদন্তকারীরা। তবে এলাকায় পা রাখতেই স্থানীয় বাসিন্দাদের একাংশের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। তীর্থঙ্করকে দেখা মাত্রই ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন স্থানীয়রা। সেই সঙ্গে পলাতক নির্মল ঘোষকেও দ্রুত গ্রেফতারের দাবি তোলেন তাঁরা।
লটারি মামলা থেকে বোমাবাজি, দীর্ঘ তালিকা
সম্প্রতি এক লটারি মামলায় খড়দা থানার পুলিশ তীর্থঙ্করকে গ্রেফতার করে। অভিযোগ, ওই মামলায় এক গাড়িচালক কোটি টাকার লটারি জেতার পর, সেই অর্থ জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বাবা-ছেলে। এই মামলায় বাবা ও ছেলেকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। তবে তীর্থঙ্করের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর পানিহাটির অমরাবতী দক্ষিণায়ন এলাকায় বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমাবাজির ঘটনাতেও তাঁর নাম উঠে আসে। স্থানীয় রাজনীতিতে ‘পুচিদা’ নামে পরিচিত তীর্থঙ্করের বিরুদ্ধে অতীতে জমি দখলের মতো একাধিক গুরুতর অভিযোগ থাকলেও, সে সময় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি বিরোধীদের।
পলাতক বাবা, চাপে ছেলে
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন তীর্থঙ্কর। সরকার পরিবর্তনের পরেই নির্মল ঘোষ ও তীর্থঙ্করের বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, এতদিন গা-ঢাকা দিয়ে ছিলেন তীর্থঙ্কর। গত সপ্তাহে তাঁকে গ্রেফতারের পর এখন পুলিশি হেফাজতে নিয়ে জেরা চলছে। শনিবার যখন তাঁকে পানিহাটির বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন উৎসুক জনতার ভিড় উপচে পড়ে। পুলিশের উপস্থিতিতেই ‘চোর’ স্লোগান ওঠে। সূত্রের খবর, নির্মল ঘোষ এখনও পলাতক। তাঁকে খুঁজে বের করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।





