কৃষ্ণনগর: বাংলায় যখন প্রথম দফার ভোটযুদ্ধ চলছে, ঠিক তখনই কৃষ্ণনগরের মাটি থেকে তৃণমূলের কফিনে শেষ পেরেক পোঁতার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কৃষ্ণনগরে এক মেগা জনসভা থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাসফুল শিবিরকে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি। চড়া সুরে মোদী ঘোষণা করলেন, “পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড় দেখছি, আর এবার রাজ্যে একটাই আওয়াজ, পাল্টানো দরকার!”
তৃণমূলের ‘ঝাল’ লেগেছে
কিছুদিন আগে মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে তৃণমূলের কটাক্ষের পালটা দিয়ে এদিন রসিকতার মোড়কে কড়া খোঁচা দেন প্রধানমন্ত্রী। মুচকি হেসে তিনি বলেন, “ঝালমুড়ি আমি খেয়েছি, কিন্তু দেখছি ঝাল লেগেছে তৃণমূলের!” রাজনৈতিক মহলের মতে, অতি সাধারণ একটি ঘটনাকে তৃণমূল যেভাবে ইস্যু করেছিল, তাকেই এদিন বুমেরাং করে দিলেন প্রধানমন্ত্রী।
ভয়কে জয় করে ভরসার উৎসব PM Modi Krishnanagar Rally
প্রথম দফার ভোট নিয়ে কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়ে মোদী বলেন, “মানুষ আজ ভয়কে জয় করে ভরসার উৎসবে শামিল হয়েছেন। শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি করার জন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।” তাঁর দাবি, মানুষ আর ভয় পেয়ে ঘরে বসে নেই, বরং পরিবর্তনের লক্ষ্যে বুথে বুথে লাইন দিচ্ছে।
পরিবর্তনের ডাক
সরাসরি তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় এখন একটাই দাবি, পরিবর্তন। মানুষ এখন দুর্নীতি আর সন্ত্রাসের হাত থেকে মুক্তি চাইছে।” কৃষ্ণনগরের এই সভা থেকে মোদী বুঝিয়ে দিলেন, প্রথম দফার ভোট শেষ হওয়ার আগেই তিনি পরের দফাগুলোর জন্য বিজেপির জয়ের ভিত শক্ত করে দিতে চাইছেন।




















