সিরিজ হাতছাড়া ভারতের, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার

Kolkata, April 23: টানা তিন ম্যাচে হার। আর ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা নেই। জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আয়োজিত তৃতীয় ম্যাচেও জয় অধরা। দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুড়ল দক্ষিণ আফ্রিকা। ৩-০ ব্যবধানে সেদেশের মহিলা দল এগিয়ে গেল। প্রোটিয়াদের কাছে পাঁচ দিনের টি-টোয়েন্টি সিরিজে আত্মসমর্পণ করল ভারতীয় মহিলা দল। SA-W vs IND-W T20 2026

আগেই ১৭ ও ১৯ এপ্রিলের ম্যাচ দুটি যথাক্রমে ৬ ও ৮ উইকেটে হেরেছিল ভারত। ২-০ এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। এমতাবস্থায় সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে তৃতীয় গেমে নেমেছিল স্মৃতি মন্ধানারা। এই ম্যাচটি ২১ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

   

এদিন ফের টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে। যা খুব একটা খারাপ স্কোর নয়। কিন্তু ভোগালো বোলিং বিভাগ। গোটা ম্যাচে একটির বেশি উইকেট নিতেই পারেনি ভারত। সেই একটি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। এদিন দলের হয়ে ফের একটি বড় ইনিংস খেলেন শেফালী ভার্মা (৬৪)। তাছাড়া স্মৃতি মন্ধানা (৩৭), অধিনায়ক হারমানপ্রীত কৌর সর্বোচ্চ (৬৬), রিচা ঘোষ (১৮) অবদান রাখেন।

উল্টোদিকে রান তাড়া করতে নেমে খুব সহজেই লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। অধিনায়ক লরা ওলভার্ড নেতৃত্বসুলভ একটি ইনিংস খেলেন। তাঁর ৫৩ বলে ১১৫ রানের ইনিংসটি ছিল ১৪টি চার ও ৫টি ছয়ে ভরা। তাছাড়া সুনে লুস ৪২ বলে ৬৪ এবং তাজমিন ব্রিটস ২রান করতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় তাঁরা। স্কোর দাঁড়ায় ৩-০। এর সাথে সাথেই ভারতের সিরিজ জেতার সম্ভাবনা ধুলোয় মিশে যায়।