
আসানসোল: পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে নতুন করে বিতর্ক উসকে দিলেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওআইসি। (Owaisi)আসানসোলের এক সভা থেকে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেন, “বাংলায় বিজেপি যদি শক্তিশালী হয়ে থাকে, তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস।”
ওয়াইসির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, বিজেপি যেমন দেশের সংবিধান ও সংখ্যালঘুদের ওপর আঘাত হানে, তেমনই তৃণমূল সরকারও একইভাবে সাধারণ মানুষের সমস্যাকে অবহেলা করছে। তাঁর কথায়, “বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনও মৌলিক পার্থক্য নেই, বাস্তবে তারা একে অপরের পরিপূরক।”
আসানসোলের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার পরিস্থিতি তুলে ধরেন। তাঁর দাবি, যেসব এলাকায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বেশি, সেখানে প্রাথমিক পরিষেবার চরম অভাব রয়েছে। “সেখানে স্কুল নেই, হাসপাতাল নেই। কোথাও হাসপাতাল থাকলেও বেড নেই, বেড থাকলেও ডাক্তার নেই। পরিষ্কার পানীয় জলেরও অভাব রয়েছে,” এই অভিযোগ তুলে ধরেন AIMIM প্রধান।
আরও দেখুনঃ গেরুয়া রাজ্যে জাল নথি নিয়ে পুলিশের হেফাজতে বাংলাদেশি অনুপ্রবেশকারী
তিনি আরও বলেন, কৃষকরা পর্যাপ্ত সরকারি সহায়তা পাচ্ছেন না এবং মহিলারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই প্রসঙ্গে তিনি ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়ার কথাও উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ পড়েছে মুসলিম তো বটেই, হিন্দুদের নামও বাদ গিয়েছে।
ওয়াইসি প্রশ্ন তোলেন, “যখন রাজ্যে তৃণমূলের সরকার, তখন সবার নাম তালিকায় তোলার দায়িত্ব কি তাদের নয়?” তাঁর মতে, প্রশাসনিক ব্যর্থতার কারণেই সাধারণ মানুষ এই সমস্যার শিকার হচ্ছেন। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “ক্ষমতা আপনার হাতে, তাহলে কেন এই সমস্যা সমাধান করা হল না?” এই বক্তব্যের মাধ্যমে তিনি তৃণমূল কংগ্রেসকে ভোটব্যাঙ্ক রাজনীতির অভিযোগেও কাঠগড়ায় তোলেন। তাঁর দাবি, তৃণমূল শুধুমাত্র ভোটের সময় মানুষের কথা ভাবে, কিন্তু বাস্তবে তাদের সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয় না।
ওয়াইসির এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্যে AIMIM নিজেদের রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা করছে। সেই প্রেক্ষিতে তৃণমূল ও বিজেপি উভয়কেই আক্রমণ করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছেন তিনি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও এই মন্তব্যের বিস্তারিত প্রতিক্রিয়া না এলেও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকেও এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Focus Keyphrase:
Mamata Banerjee BJP rise Bengal remark
Permalink:

