কলকাতা: গ্রীষ্মকালীন ছুটির ভিড় সামাল দিতে নতুন স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল৷ উত্তরবঙ্গমুখী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি (NJP) রুটে সামার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে৷ ০৩১২৯/০৩১৩০ নম্বরের এই ট্রেনটি আগামী ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত চলবে৷
প্রতি শনিবার করে এই ট্রেন পরিষেবা দেওয়া হবে৷ মোট ৫টি নির্দিষ্ট দিনে কলকাতা থেকে ট্রেনটি ছাড়বে এবং সমসংখ্যক দিনে জলপাইগুড়ি থেকে ফিরতি পরিষেবা থাকবে৷ নির্ধারিত সময় অনুযায়ী, ট্রেনটি কলকাতা স্টেশন থেকে রাত ১১টা ৪০ মিনিটে রওনা দিয়ে পরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে৷ ফিরতি পথে জলপাইগুড়ি থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি ছেড়ে কলকাতায় পৌঁছবে রাত ১২টা ৪০ মিনিটে৷
যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটির একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে স্টপেজ রাখা হয়েছে৷ ব্যান্ডেল, নৈহাটি জংশন, নবদ্বীপধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিশনগঞ্জ এবং আলুয়াবাড়ি রোডে থামবে এই ট্রেন৷ ফলে বহু জেলার যাত্রীরা সহজেই এই পরিষেবা নিতে পারবেন৷
এদিকে, ট্রেন চালুর ঘোষণার পরেও এখনও প্রচুর আসন ফাঁকা রয়েছে৷ ১৬ মে-র যাত্রার জন্য স্লিপার ক্লাসে প্রায় ২৯৩টি সিট খালি রয়েছে বলে জানা গিয়েছে৷ এতে যাত্রীদের জন্য টিকিট পাওয়ার সুযোগ আরও সহজ হয়েছে৷ ভাড়ার দিক থেকেও এই ট্রেনটি যথেষ্ট আকর্ষণীয়৷ স্লিপার ক্লাসে ভাড়া মাত্র ৪৪৫ টাকা রাখা হয়েছে৷ পাশাপাশি, এসি ৩-টায়ার কোচের ভাড়া ১১৮৫ টাকা এবং এসি ২-টায়ার কোচের ভাড়া ১৬৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে৷ গরমের ছুটিতে দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্স ভ্রমণের জন্য এই ট্রেনটি একটি দারুণ বিকল্প হতে পারে৷ কম খরচে আরামদায়ক যাত্রার সুযোগ থাকায় যাত্রীদের মধ্যে আগ্রহ বাড়ছে৷




















