পারমিতা রায়, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri ) অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল পুর নিগম। সোমবার সকালে মাল্লাগুড়ি এলাকার একটি বেসরকারি হোটেলের অংশ ভেঙে ফেলা হয় পুরসভার উদ্যোগে। অভিযোগ, হোটেলের পিছনের একটি অংশ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) সরকারি জমির মধ্যে ঢুকে পড়েছিল।
পুর নিগম সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে অবৈধ দখল সরিয়ে নেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত সোমবার ভাঙার সিদ্ধান্ত কার্যকর করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুরসভার একাধিক আধিকারিক ও কর্মী।
তবে এই অভিযানের তীব্র বিরোধিতা করেছেন হোটেলের মালিক মুকেশ পোদ্দার। তাঁর অভিযোগ, মাত্র এক ইঞ্চি জমি দখলের কথা বলা হলেও বাস্তবে অনেক বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। এতে ভবনের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোটা হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি তাঁর।
মুকেশ পোদ্দারের আরও অভিযোগ, অভিযানের আগে তাঁকে নতুন করে কোনও নোটিশ দেওয়া হয়নি। আচমকাই পুর নিগম এসে ভাঙচুর শুরু করে বলে দাবি করেছেন তিনি। এই হোটেলের উপরই তাঁর পরিবারের জীবিকা নির্ভরশীল বলেও জানান তিনি। ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামার পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন হোটেল মালিক।
এখানেই শেষ নয়, পুর নিগমের পদক্ষেপের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, পাশের আরও একটি বেসরকারি হোটেলের অংশও নির্ধারিত সীমানার বাইরে রয়েছে, কিন্তু সেখানে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বেছে বেছে অভিযান চালানো হচ্ছে বলেই অভিযোগ তাঁর।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনে বিষয়টি নিয়ে আইনি লড়াই এবং বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত মিলেছে হোটেল মালিকের বক্তব্যে।





