আশাদের ভাতা বৃদ্ধি, বঞ্চনার অভিযোগ NUHM কর্মীদের! রাজ্যজুড়ে পেন ডাউন আন্দোলন

রাজ্য বাজেটে আশা কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণার পর নিজেদের বঞ্চিত বলে দাবি NUHM কর্মীদের। দাবিপত্র পেশের পাশাপাশি শুরু হয়েছে পেন ডাউন আন্দোলন।

nuhm-workers-protest-over-allowance-demand-pen-down-movement

পারমিতা রায়, শিলিগুড়ি: ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন ন্যাশনাল আরবান হেলথ মিশন (NUHM)-এর অধীনস্থ কর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)-এর হাতে একটি দাবিপত্র তুলে দেন তাঁরা, যা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

কর্মীদের অভিযোগ, সম্প্রতি রাজ্য বাজেটে আশা কর্মী-সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও NUHM-এর আওতায় কর্মরত চিকিৎসক, নার্স, কমিউনিটি হেলথ কর্মী, ফার্মাসিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য কোনও আর্থিক সুবিধা ঘোষণা করা হয়নি। এর ফলে তাঁরা নিজেদের বঞ্চিত বলে মনে করছেন।

   

আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে শুধুমাত্র আশা কর্মীরাই নন, NUHM-এর কর্মীরাও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যপরীক্ষা, ওষুধ বিতরণ, ল্যাব পরিষেবা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ তাঁদের উপরই নির্ভর করে।

কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের কাজের যথাযথ মূল্যায়ন বা আর্থিক স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তাই ভাতা বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

এদিনের কর্মসূচিতে কমিউনিটি হেলথ ওয়ার্কার, JNM কর্মী, চিকিৎসক, ফার্মাসিস্ট-সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। একই দাবিতে রাজ্যের বিভিন্ন জেলাতেও পেন ডাউন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা।

শিলিগুড়িতে NUHM-এর মোট ১০টি ইউনিট রয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন কর্মী এই আন্দোলনে অংশ নিয়েছেন। তাঁদের দাবি, স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, দ্রুত তাঁদের দাবি পূরণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার স্বার্থে সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আবেদনও জানিয়েছেন কর্মীরা।