পারমিতা রায়, শিলিগুড়ি, ২৩ জুন: পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে সরকারি কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পার্শ্ব শিক্ষকদের জন্য ঘোষিত বিভিন্ন সুবিধা ও বরাদ্দকে স্বাগত জানিয়ে মঙ্গলবার শিলিগুড়িতে (Siliguri ) আয়োজিত হল একটি ধন্যবাদ যাত্রা। বিকেল সাড়ে চারটায় বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় এই কর্মসূচি।
বিজেপি টিচার্স সেল, শিলিগুড়ি (ও)-এর উদ্যোগে আয়োজিত এই ধন্যবাদ যাত্রায় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। সংগঠনের দাবি, রাজ্য বাজেটে শিক্ষা ও কর্মচারী কল্যাণের ক্ষেত্রে একাধিক ইতিবাচক ঘোষণা করা হয়েছে, যার জন্য সরকারকে ধন্যবাদ জানাতেই এই উদ্যোগ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাজেটে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন, কর্মচারীদের কল্যাণ এবং শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে, তা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এই উপলক্ষে বিজেপি টিচার্স সেলের ইনচার্জ নিত্যানন্দ পাল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ যাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান। তাঁর বক্তব্য, শিক্ষা ও কর্মচারী স্বার্থে গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানানো এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া ধন্যবাদ যাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। কর্মসূচি চলাকালীন অংশগ্রহণকারীরা শিক্ষা ও কর্মচারী কল্যাণমূলক উদ্যোগের পক্ষে স্লোগান দেন এবং বাজেটের বিভিন্ন ঘোষণার প্রতি সমর্থন জানান।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্বার্থরক্ষা এবং কর্মচারীদের কল্যাণে আরও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে সরকার। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ রাজ্যের শিক্ষা ও প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।



