প্রথম দফার ভোট মিটতেই এবার স্ট্রং রুম পাহারা দেওয়া নিয়ে রণক্ষেত্র মেদিনীপুর। মেদিনীপুর ডে কলেজের স্ট্রং রুমের সামনে অবৈধ জমায়েতকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি কর্মীরা। অভিযোগ-পাল্টা অভিযোগে শনিবার দুপুর থেকেই চরম উত্তেজনা ছড়াল কলেজ চত্বরে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
তৃণমূল বনাম বিজেপি তরজা
তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা স্ট্রং রুমের সামনে অবৈধভাবে ভিড় জমাচ্ছে এবং উত্তেজনার সৃষ্টি করছে। অন্যদিকে, বিজেপির দাবি সম্পূর্ণ উল্টো। গেরুয়া শিবিরের অভিযোগ, ভোটের দিন বুথে বুথে ছাপ্পা দিতে না পেরে এবার স্ট্রং রুমে কারচুপি করার ছক কষছে শাসকদল। তাঁদের দাবি, তৃণমূল কর্মীরা ইভিএম (EVM) বদলানোর অসাধু উদ্দেশ্য নিয়ে স্ট্রং রুমের গেটের সামনে ভিড় বাড়াচ্ছে।
পুলিশের ভূমিকা ও নেতৃত্বের নীরবতা Medinipur Strong Room Clash
ঘটনার খবর পেয়েই দ্রুত মেদিনীপুর ডে কলেজের সামনে পৌঁছায় পুলিশ। দু’পক্ষকেই সরিয়ে দিয়ে এলাকা খালি করার চেষ্টা চালানো হয়। দীর্ঘক্ষণ ধরে দুই দলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি চলে। তবে এই স্পর্শকাতর ইস্যু নিয়ে তৃণমূল বা বিজেপি— কোনও পক্ষেরই জেলা নেতৃত্ব আপাতত সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি।
আপাতত এলাকায় পুলিশি টহল চলছে এবং স্ট্রং রুমের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভোটের ফল না বেরোনো পর্যন্ত এই স্নায়ুর লড়াই যে জারি থাকবে, তা মেদিনীপুরের আজকের ছবি থেকেই পরিষ্কার।




















