‘পলাতকদের ক্ষমা করবেন না’! মালদহে দাঁড়িয়ে দলত্যাগী মৌসমকে তুলোধোনা মমতার

Mamata Banerjee slams Mausam Noor

মালদহ: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদহে প্রচারে গিয়ে দলত্যাগী নেত্রী মৌসম নুরকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদহের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো প্রাক্তন তৃণমূল সাংসদকে ‘বসন্তের কোকিল’ এবং ‘যুদ্ধের সময় পালিয়ে যাওয়া’ নেত্রী বলে তীব্র কটাক্ষ করেন।

মমতার নিশানায় ‘পলাতক’ মৌসম

চলতি বছরের জানুয়ারি মাসেই ঘাসফুল শিবির ছেড়ে নিজের পুরোনো দল কংগ্রেসে ফিরেছেন গনি খান চৌধুরীর ভাগ্নি তথা মালদহের প্রভাবশালী নেত্রী মৌসম নুর। তাঁর এই দলবদলকেই এদিন নিশানা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচন এলেই বসন্তের কোকিল হয়ে বড় বড় কথা বলে পালিয়ে যায়। মালদায় এত কাজ করার পরেও লোকসভায় দু’টি সিটের মধ্যে একটি কংগ্রেস ও অন্যটি বিজেপি পেয়েছে। এতে কী লাভ হল?”

   

‘মা তার সন্তানকে সবটাই দিয়েছে’ Mamata Banerjee slams Mausam Noor

তৃণমূলের টিকিটে মৌসম নুরের রাজ্যসভায় যাওয়ার প্রসঙ্গ টেনে এনে এদিন ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মালদহের কোনও প্রতিনিধি ছিল না বলে আপনার ঘরের এক মহিলাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম। রাজ্যসভায় টিকিট পাওয়া মুখের কথা নয়। তিনি সেখানে ৬ বছর ছিলেন। তাঁকে আমরা লোকসভা ভোটেও দাঁড় করিয়েছিলাম। মা তাঁর সন্তানকে যতটুকু দিতে পারেন, সবটাই দিয়েছি।”

এরপরই সাধারণ মানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, “ভোটের আগে তিনি অন্য দলে গিয়েছেন, তাতে আমার কোনও আপত্তি নেই। তিনি যে দলেই যান ভালো থাকুন। কিন্তু ভোটটা তাঁদের দেবেন না। তাঁরা তৃণমূল থেকে সব পেয়ে যুদ্ধের সময় পালিয়ে গিয়েছেন। পলাতকদের ক্ষমা করবেন না।”

রাজনৈতিক প্রেক্ষাপট

মালদহ উত্তর কেন্দ্র থেকে ২০০৯ এবং ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মৌসম। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি ঘাসফুল শিবিরে যোগ দেন। সেবার তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে বিজেপির খগেন মুর্মুর কাছে পরাজিত হন তিনি। এরপর তৃণমূল তাঁকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে। কিন্তু ২০২৪ সালের লোকসভায় বা তার আগের বিধানসভা নির্বাচনেও তাঁকে আর টিকিট দেওয়া হয়নি। বর্তমানে মালদহে গনি পরিবারের উত্তরসূরি ইশা খান চৌধুরী রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ। এই রাজনৈতিক সমীকরণের মাঝেই ছাব্বিশের ভোটের আগে তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে প্রত্যাবর্তন করেছেন মৌসম। আর এদিন মালদহের মাটিতে দাঁড়িয়ে সেই দলত্যাগী নেত্রীর বিরুদ্ধেই সুর চড়ালেন তৃণমূল নেত্রী।