‘গুজরাত থেকে বাসে করে লোক আনা হচ্ছে’, মালদহ কাণ্ডে বিস্ফোরক মমতা!

মালদহ: মালদহের মোথাবাড়ির অশান্তির ঘটনায় এবার সরাসরি ভিনরাজ্যের যোগসাজশের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিস্ফোরক দাবি, বাংলায় পরিকল্পিতভাবে অশান্তি ছড়াতে গুজরাত থেকে বাসে করে…

Mamata Banerjee Malda violence allegation

মালদহ: মালদহের মোথাবাড়ির অশান্তির ঘটনায় এবার সরাসরি ভিনরাজ্যের যোগসাজশের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিস্ফোরক দাবি, বাংলায় পরিকল্পিতভাবে অশান্তি ছড়াতে গুজরাত থেকে বাসে করে বহিরাগতদের আনা হচ্ছে। এমনকি, সিআরপিএফ-এর গাড়িতে করে টাকা ঢোকানো হচ্ছে বলেও মারাত্মক অভিযোগ করেছেন তিনি। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে হাজারীপাড়া মাঠের জনসভা থেকে এই ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী।

সংখ্যালঘুদের খেপানোর চেষ্টা! নিশানায় বিজেপি-মিম

মালদহ কাণ্ডের নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তৃণমূল নেত্রী। এদিন তিনি বলেন, “পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের খেপিয়ে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা চলছে।” এর পিছনে বিজেপি এবং কংগ্রেসের উসকানি রয়েছে বলে দাবি করেন মমতা। তাঁর নিশানায় ছিল মিম এবং আইএসএফ-ও। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিহারের মতো এ রাজ্যেও ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতেই মিমকে নিয়ে আসা হয়েছে। সিআরপিএফ-এর গাড়িতে টাকা আনা সংক্রান্ত ভয়েস রেকর্ডও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

   

এনআইএ আসার আগেই সিআইডি-র জালে মূল অভিযুক্ত

মোথাবাড়ি কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই মালদহে পৌঁছে গিয়েছেন জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) আইজি সোনিয়া সিং। তবে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানান, এনআইএ আসার আগেই রাজ্য পুলিশের সিআইডি (CID) এই ঘটনার মূল পাণ্ডা মোফাক্কেরুল ইসলামকে হাতেনাতে ধরেছে। মুম্বই থেকে আসা ওই ব্যক্তি বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালানোর ছকে ছিল বলে দাবি মুখ্যমন্ত্রীর।

কী বলছে পুলিশ? Mamata Banerjee Malda violence allegation

উত্তরবঙ্গের এডিজি কে জয়রমন জানিয়েছেন, মোথাবাড়ির তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যেই ১৯টি মামলা রুজু হয়েছে এবং ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভাইরাল ভিডিওর সূত্র ধরে সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স এবং ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে মোফাক্কেরুলকে চিহ্নিত করা হয়। তার সঙ্গে আকরামুল বাগানি নামে আরও একজনকে ধরা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিলেন। যদিও গ্রেফতারির পর ফেসবুক লাইভে মোফাক্কেরুল দাবি করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদ করতেই তিনি সেখানে গিয়েছিলেন।