মহিষাদল: সাড়ে তিন বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার ইটামগরা-২ অঞ্চলে। অভিযুক্ত শেখ মফিজুলকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় পুলিশকে। ঘটনায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন। ক্ষোভে ফেটে পড়ে অভিযুক্তের দোকানে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা। পরিস্থিতি সামলাতে প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে পৌঁছেছেন খোদ জেলা পুলিশ সুপার। (mahisadal minor molestration case)
কীভাবে ঘটল এই অমানবিক ঘটনা?
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই শিশুকন্যা। খোঁজখবর নিয়ে জানা যায়, পাশের দোকানদার মফিজুল সাইকেলে করে তাকে নিয়ে গিয়েছে। প্রায় আধ ঘণ্টা পর সে শিশুটিকে ফিরিয়ে দিয়ে যায়। বাড়ি ফিরে বাথরুমে যাওয়ার সময় শিশুটি গোপনাঙ্গে যন্ত্রণার কথা জানায়। এরপরই তাকে দ্রুত মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরিবারের তরফ থেকে মহিষাদল থানায় পকসো (POCSO) আইনে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের আরও দাবি, এর আগেও অভিযুক্ত শিশুটিকে নিজের কাছে নিয়ে যেত, যা নিয়ে আপত্তি জানানো হলেও সে কর্ণপাত করেনি।
আক্রান্ত পুলিশ ও জোড়া মামলা
অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই অভিযুক্তের বাড়িতে পৌঁছয় পুলিশ। অভিযোগ, সেই সময় শেখ মফিজুল ও তার সঙ্গীরা পুলিশের কাজে বাধা দেয় এবং চড়াও হয়। ধস্তাধস্তিতে দুই পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার আহত হন। গুরুতর জখম এক আধিকারিককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। নাবালিকাকে নির্যাতন এবং পুলিশের ওপর হামলা, দুই দিক নিয়েই তদন্ত শুরু করেছে মহিষাদল থানা।
অগ্নিগর্ভ পরিস্থিতি ও মুখ্যমন্ত্রীর নির্দেশ
এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতেই হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় কয়েকটি হিন্দু সংগঠন। বুধবার সকাল থেকে এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা অভিযুক্তের দোকানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও থমথমে পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।



