কলকাতা: ফের বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর৷ বাড়ছে তাপমাত্রা৷ অন্যদিকে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়৷ শুধু তাই নয় কালবৈশাখীর (Kalbaishakhi) আগাম সংকেতও মিলেছে৷ এমনই পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা ও ঝোড়ো বাতাস বইতে পারে। আবহবিদরা বলছেন, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যা কালবৈশাখীর আগাম ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।
উত্তরবঙ্গেও আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করতে পারে। এর প্রভাবে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায়ও আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে দমকা ও ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়েও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায়ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২–৯৩ শতাংশের মধ্যে।




















