কলকাতা: চৈত্রের শেষ দিক থেকেই বাংলায় দাপট দেখাচ্ছে গ্রীষ্ম। বুধবার, পয়লা বৈশাখের সকালেও তার কোনও ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই চড়া রোদ আর ভ্যাপসা গরমে পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। তবে, এই অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য স্বস্তির পাশাপাশি কিছুটা সতর্কবার্তাও দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেলেই রাজ্যের পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় আবহাওয়া আচমকা ভোল বদলাতে পারে।
ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলে কালবৈশাখীর সতর্কতা
আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, বুধবার বিকেলের পর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই দাপট আরও বাড়বে। ওই দিনগুলিতে ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমাঞ্চলের পাশাপাশি কলকাতা ও দুই ২৪ পরগনাতেও আজ বিকেলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টি হলেও, আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশের কাছাকাছি থাকায় এখনই ভ্যাপসা গরম আর প্যাচপ্যাচে ঘাম থেকে পুরোপুরি নিস্তার মিলবে না। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, মালদহ এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।




















