নীতীশ যুগের অবসান! বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী

পাটনা: দীর্ঘ দুই দশকের নীতীশ যুগের অবসান! বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে গেল এক ঐতিহাসিক পালাবদল। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। এর মাধ্যমেই বিহারে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Samrat Chaudhary oath ceremony

পাটনা: দীর্ঘ দুই দশকের নীতীশ যুগের অবসান! বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে গেল এক ঐতিহাসিক পালাবদল। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। এর মাধ্যমেই বিহারে এই প্রথমবার কোনও বিজেপি শাসিত সরকার গঠিত হল। এদিন লোক ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয়কুমার চৌধুরী।

নীতীশের ইস্তফা ও নতুন সরকার গঠন

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বিহারের রাজপাট সামলেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ১৬ মার্চ রাজ্যসভার ভোটে জয়ী হওয়ার পর ১৪ এপ্রিল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপরই এনডিএ (NDA)-র পরিষদীয় দলের বৈঠকে সম্রাট চৌধুরীকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বিধায়করা। বৈঠকে উপস্থিত ছিলেন খোদ নীতীশ কুমার এবং বিহারের বিজেপি পর্যবেক্ষক শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার সন্ধ্যায় লোকভবনে গিয়ে রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের দাবি জানান সম্রাট এবং বুধবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

   

প্রথমবার জেডিইউ-এর জোড়া উপমুখ্যমন্ত্রী

নতুন সরকারের আরেকটি বড় চমক হলো উপমুখ্যমন্ত্রী পদ। এই প্রথম বিহারে জেডিইউ (JDU)-এর দুই সদস্য— বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয়কুমার চৌধুরী উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এদিনের মেগা শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, নীতিন নবীন, বিনোদ তাউড়ে-সহ কেন্দ্রীয় স্তরের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

কে এই সম্রাট চৌধুরী?

সাতান্ন বছর বয়সী সম্রাট চৌধুরী নীতীশ কুমারের বিদায়ী মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন। তিনি বিহারের অত্যন্ত প্রভাবশালী ‘কুশওয়াহা’ সম্প্রদায়ের নেতা। পিছিয়ে পড়া জাতিগুলির মধ্যে যাদবদের পরেই দ্বিতীয় বৃহত্তম এই কুশওয়াহা সম্প্রদায়। ২০১৭ সালে তিনি বিজেপিতে যোগ দেন। রাজনৈতিক মহলের মতে, কুশওয়াহা সম্প্রদায়ের এই হেভিওয়েট নেতাকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়ে বিহারের রাজনীতিতে বড়সড় মাস্টারস্ট্রোক দিল গেরুয়া শিবির।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google