সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে শোরগোল, জোট নিয়ে কী শর্ত দিলেন নওশাদ?

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জোট রাজনীতিতে নয়া মোড়। জনতা উন্নয়ন পার্টি এবং আইএসএফ (ISF)-এর জোট নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এই বিষয়ে সংবাদ সংস্থা ANI-কে…

ISF Janta Unnyan Party alliance

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জোট রাজনীতিতে নয়া মোড়। জনতা উন্নয়ন পার্টি এবং আইএসএফ (ISF)-এর জোট নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এই বিষয়ে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি স্পষ্ট জানিয়েছেন, হুমায়ুন কবীর আগে যে কথা বলেছেন, তা প্রত্যাহার না করলে জোট নিয়ে কোনও আলোচনা হবে না।

নওশাদের শর্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা

নওশাদ সিদ্দিকি বলেন, “হুমায়ুন কবীর আগে যে কথা বলেছেন, সেটা তুলে নিতে হবে। নইলে তাঁর সঙ্গে কথা হবে না।” জোটের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি জানান, দ্রুত পার্টির রাজ্য কমিটির মিটিং ডাকা হয়েছে। সেখানেই জোটের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

   

২৯৪ আসনে প্রার্থী নয়, লক্ষ্যে জোট ISF Janta Unnyan Party alliance

২৯৪টি আসনে একাকী লড়াইয়ের বিষয়ে নওশাদ জানিয়েছেন, সব আসনে প্রার্থী দেওয়ার মতো সাংগঠনিক সক্ষমতা এখনও তাদের নেই। তিনি বলেন, “আমরা ৫০ থেকে ৬০-৭০টা সিটে লড়াই করতে পারি। কিন্তু জোট হলে আসন সংখ্যা কিছুটা কমবে।”

তবে তাঁর স্পষ্ট দাবি, বিজেপি এবং তৃণমূল, উভয়ের বিরুদ্ধেই লড়াই করতে তারা যেকোনো দলের সঙ্গে জোট করতে প্রস্তুত। নওশাদের কথায়, “বিজেপি এবং তৃণমূল ছাড়া যত দল রয়েছে, আমরা একসঙ্গে এসে লড়াই করতে চাইছি।” কংগ্রেসের সঙ্গে জোটের প্রসঙ্গে তিনি জানান, প্রদেশ ও জাতীয় কংগ্রেসকে চিঠি দেওয়া হলেও এখনও কোনো সাড়া মেলেনি।

সিপিএম-হুমায়ুন বৈঠক নিয়ে শোরগোল

উল্লেখ্য, জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের বৈঠক নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। এই বৈঠকের পর তৃণমূল ও বিজেপি একযোগে সিপিআইএম-কে আক্রমণ করে। পাল্টা জবাবে সিপিআইএম জানায়, তৃণমূল ও বিজেপি নিজেরাই একসময় হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে ঘর করেছে, তাই এখন সিপিএম-এর ওপর দোষ চাপানো মানায় না।