কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত? তৃণমূল ছাড়ার পর নিজের নতুন দল গড়েছেন হুমায়ুন কবীর৷ ‘জনতা উন্নয়ন পার্টি’ গঠন করে ভোট ময়দানে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। লক্ষ্য একটাই, ঘাসফুল শিবিরকে চাপে ফেলা। আর সেই লক্ষ্যে এবার আসাউদ্দিন ওয়াইসির দল AIMIM (মিম) এবং সিপিআইএম-এর সঙ্গে জোটের সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন হুমায়ুন৷
মিমের সঙ্গে বৈঠক ও সোলাঙ্কির বার্তা
শুক্রবার মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হুমায়ুন কবীর। বৈঠকের পর মিমের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, “মুসলিম, দলিত এবং বঞ্চিতদের হয়ে AIMIM সরকারের বিরুদ্ধে লড়াই করবে।” যদিও জোট নিয়ে সরাসরি কোনো ঘোষণা আসেনি, তবে সূত্রের খবর ডিসেম্বর থেকেই দুই পক্ষের মধ্যে তলে তলে আলোচনা চলছে।
সেলিমের সঙ্গে নৈশভোজ ও রাজনৈতিক চাপানউতোর
সম্প্রতি রাজারহাটের একটি হোটেলে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গেও বৈঠক করেন হুমায়ুন। বৈঠকের পর হুমায়ুন জানান, তিনি সেলিমকে ১৫ তারিখের মধ্যে আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন। তবে সেলিম এই বৈঠককে সৌজন্যমূলক বলে দাবি করে জানিয়েছেন, দলে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত সম্ভব নয়। এদিকে, হুমায়ুনের মতো নেতার সঙ্গে বৈঠক ঘিরে সিপিআইএম-এর ভেতরেই ‘ধর্মনিরপেক্ষ’ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হুমায়ুনের লক্ষ্য
আপাতত নিজের ঘর গোছাতে ব্যস্ত হুমায়ুন প্রতিদিন নতুন নতুন ঘুঁটি সাজাচ্ছেন। মুসলিম এবং বঞ্চিত ভোটকে একছাতার তলায় এনে তৃণমূলের ভোটব্যাঙ্কে থাবা বসানোই তাঁর প্রধান রণকৌশল। শেষ পর্যন্ত মিম না বাম, কার হাত ধরেন হুমায়ুন, আর সেই জোট বিধানসভা ভোটে কতটা দাগ কাটতে পারে, সেটাই দেখার।




















