হাওড়ায় ‘বুলডোজার অ্যাকশন’! গুঁড়িয়ে দেওয়া হল ৬ তলা বেআইনি বহুতল

হাওড়া: রাজ্য সরকারের কড়া নির্দেশের পরই বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ হাওড়া পুরসভার। সোমবার দুপুরেই শহরের বুকে বেআইনি বহুতল ভাঙতে রাস্তায় নামল বুলডোজার। নবান্ন থেকে মাত্র দেড় ...

By Moumita Biswas

Published:

Follow Us

হাওড়া: রাজ্য সরকারের কড়া নির্দেশের পরই বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ হাওড়া পুরসভার। সোমবার দুপুরেই শহরের বুকে বেআইনি বহুতল ভাঙতে রাস্তায় নামল বুলডোজার। নবান্ন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে, ২৭ নম্বর শরৎ চ্যাটার্জি রোডে অবস্থিত একটি ৬ তলা বেআইনি বহুতল গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে পুরসভা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও, কড়া পুলিশি পাহারায় নির্বিঘ্নেই চলছে ভাঙার কাজ। (Howrah Illegal Building Demolition)

কেন ভাঙা হচ্ছে এই বহুতল?

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই বহুতল নির্মাণের ক্ষেত্রে চরম অনিয়ম করা হয়েছিল। বাড়ির মালিক পুরসভার কাছ থেকে মাত্র দু’তলা নির্মাণের অনুমোদন নিয়ে বেআইনিভাবে ৬ তলা ইমারত গড়ে তুলেছিলেন। এমনকি, নিয়ম অনুযায়ী রাস্তার জন্য যে জায়গা ছাড়ার কথা, তা-ও মানা হয়নি। এই মারাত্মক অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই ওই বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

   

নিরাপত্তায় কড়া মুড়ল এলাকা

বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে যাতে কোনওরকম বাধা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তার জন্য আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। সোমবার ভাঙার কাজ শুরু হওয়ার পর প্রাথমিক ভাবে কোনও প্রতিরোধের মুখে পড়তে হয়নি পুরকর্মীদের। তা সত্ত্বেও, যে কোনও অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী।

পরবর্তী টার্গেট ৬০০টি বাড়ি!

গত সপ্তাহে পুর ও নগরোন্নয়ন দফতরের তরফ থেকে হাওড়া পুরসভাকে কড়া নির্দেশ দেওয়া হয় যে, শহরের সমস্ত বেআইনি বাড়ি চিহ্নিত করে অবিলম্বে ভেঙে ফেলতে হবে৷ সরকারের সেই নির্দেশ পাওয়ার পরই তৎপর হয় পুরসভা। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে তৈরি হওয়া প্রায় ৬০০টি বেআইনি বাড়ির একটি তালিকা প্রস্তুত করা হয়েছে৷ পুরসভা সূত্রে খবর, এই তালিকার মধ্যে থাকা ৬টি ওয়ার্ডের ৬টি বড় বেআইনি বাড়িকে প্রথম ধাপে অবিলম্বে ভেঙে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নবান্নের কড়া বার্তার পর হাওড়া পুরসভার এই ‘বুলডোজার অ্যাকশন’ বেআইনি প্রোমোটার ও নির্মাণকারীদের বুকে যে রীতিমতো কাঁপুনি ধরিয়েছে, তা বলাই বাহুল্য৷

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google