পাহাড়-সমাধান, তবে বাংলা ভেঙে নয়! শাহের ইশতেহারে বড় চমক

গঙ্গারামপুর: গোর্খা সমস্যা মেটাতে বাংলা ভাগের কোনও প্রয়োজন নেই! পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সাংবিধানিক ও স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে এবার উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের মেগা ব্লু-প্রিন্ট পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ...

By Moumita Biswas

Published:

Follow Us
Gorkha issue solution

গঙ্গারামপুর: গোর্খা সমস্যা মেটাতে বাংলা ভাগের কোনও প্রয়োজন নেই! পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সাংবিধানিক ও স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে এবার উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের মেগা ব্লু-প্রিন্ট পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির ‘সংকল্প পত্র’ বা ইশতেহারকে হাতিয়ার করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের জনসভা থেকে স্বাস্থ্য, শিক্ষা এবং পরিকাঠামো খাতে একগুচ্ছ মাস্টারস্ট্রোক দিলেন তিনি।

বাংলাকে অটুট রেখেই পাহাড়ের সমাধান

এদিনের সভা থেকে শাহ জোরালো বার্তায় স্পষ্ট করে দেন, পশ্চিমবঙ্গকে না ভেঙে, রাজ্যের ঐক্য বজায় রেখেই গোর্খা সমস্যার একটি গ্রহণযোগ্য ও চিরস্থায়ী সমাধান করবে কেন্দ্র। পাশাপাশি, উত্তরবঙ্গের অর্থনীতি ও কর্মসংস্থানে জোয়ার আনতে এই অঞ্চলে ৪টি বড় আধুনিক শহর গড়ে তোলার কথাও ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

   

উন্নয়নের মেগা ব্লু-প্রিন্ট Gorkha issue solution

ভোটের প্রচারে উত্তরবঙ্গের জন্য কল্পতরু হয়ে এদিন যে বড় প্রতিশ্রুতিগুলি শাহ দিয়েছেন, তিনি বলেন, কল্যাণী এইমসের দূরত্বের কথা ভেবে খাস উত্তরবঙ্গেই একটি নতুন এইমস (AIIMS) এবং ৬০০ শয্যার একটি অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে।

যুবসমাজের উচ্চশিক্ষার জন্য উত্তরবঙ্গেই তৈরি হবে আইআইটি (IIT) এবং আইআইএম (IIM)। এছাড়া একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় এবং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ও তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এছাড়াও গোটা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও নিবিড় করতে দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত একটি সুবিশাল মহাসড়ক তৈরি করা হবে। পর্যটনে জোয়ার আনতে দার্জিলিংকে পরিণত করা হবে বড় মাপের ‘ইকো-অ্যাডভেঞ্চার হাব’-এ।

রাজবংশী আবেগকে সম্মান জানিয়ে এই ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন শাহ। রাজনৈতিক মহলের মতে, বাংলা ভাগের জল্পনায় জল ঢেলে স্বাস্থ্য ও শিক্ষার এই বিপুল প্রতিশ্রুতির মাধ্যমে উত্তরবঙ্গের ভোটব্যাঙ্ককে কার্যত সিলমোহর দিতে চাইল গেরুয়া শিবির।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google