কলকাতা: আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় দেশে লাগাতার বাড়ছে পেট্রেল ও ডিজেলের দাম। মঙ্গলবারের নতুন তালিকায় কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় ১১০ টাকা ছুঁয়ে ফেলেছে। জ্বালানির এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে এবার নিজেদের খরচ সামলাতে নজিরবিহীন ও বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি দফতর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে খরচ কমাতে এবং বিকল্প টেকসই ব্যবস্থা কার্যকর করতে মঙ্গলবারই একটি অত্যন্ত জরুরি নির্দেশিকা জারি করল নবান্ন। (Fuel Price Hike Government Guidelines)
খরচে কাটছাঁট: নবান্নের নির্দেশিকায় কী কী বলা হয়েছে?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের জারি করা এই নতুন গাইডলাইনে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি কোষাগারের ওপর চাপ কমাতে এবং জনপরিষেবার মান ঠিক রেখে ব্যয়ের যৌক্তিকীকরণ করতে হবে। সরকারি গাড়িগুলির অপ্রয়োজনীয় ব্যবহার এবং অতিরিক্ত জ্বালানি খরচে অবিলম্বে লাগাম টানতে হবে। সরকারি আধিকারিক ও কর্মীদের যাতায়াতের ক্ষেত্রে যতটা সম্ভব গণপরিবহন বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কাগজের ব্যবহার ও যাতায়াত খরচ কমাতে বেশি বেশি করে ডিজিটাল মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কোন দফতরের ওপর এই নিয়ম কার্যকর?
নবান্ন জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত বিভাগ, রাজ্য রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSU), বিভিন্ন বোর্ড, কর্পোরেশন, সরকারি মালিকানাধীন বা সরকারি অর্থায়নে চলা সমিতি, আধা-সরকারি সংস্থা এবং একদম গ্রাসরুট বা ফিল্ড লেভেলের অফিস, সব জায়গাতেই এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করতে হবে।
মোদী-শাহদের পথেই হাঁটলেন শুভেন্দু
উল্লেখ্য, শুধু পশ্চিমবঙ্গই নয়, জ্বালানির ব্যবহার কমাতে এবং অপচয় রুখতে এই মুহূর্তে দেশের একাধিক রাজ্য একই পথে হাঁটছে। অপচয় রুখতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়েছেন। একই রাস্তায় হেঁটেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। এবার সেই একই পথে হেঁটে বাংলায় সরকারি খরচে মিতব্যয়ী হওয়ার কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবারের ডবল ধাক্কা
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার পার হতেই গত শুক্রবার লিটার প্রতি ৩ টাকা দাম বেড়েছিল তেলের। সেই ধাক্কা সামলানোর আগেই মঙ্গলবার ফের কলকাতায় পেট্রল ৯৬ পয়সা এবং ডিজেল ৯৪ পয়সা মহার্ঘ হয়েছে। যার ফলে কলকাতায় পেট্রলের নতুন দাম ১০৯.৭০ টাকা এবং ডিজেল ৯৬.০৭ টাকা হয়েছে। জ্বালানির এই ডবল ছ্যাঁকার দিনে নবান্নের এই সাশ্রয়ী নীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।




















