উত্তাল সমুদ্র! দিঘা-মন্দারমণিতে কড়া নিষেধাজ্ঞা! জামাইষষ্ঠীর প্ল্যান বানচাল

দিঘা: শনিবার জামাইষষ্ঠী, আর রবিবার ছুটির দিন। এই টানা উইকেন্ডে পরিবার বা বন্ধুদের নিয়ে দিঘা, মন্দারমণি বা তাজপুরে ছুটি কাটানোর প্ল্যান করেছিলেন অনেকেই। কিন্তু বাধ…

Digha Sea Entry Ban Due to Bad Weather

দিঘা: শনিবার জামাইষষ্ঠী, আর রবিবার ছুটির দিন। এই টানা উইকেন্ডে পরিবার বা বন্ধুদের নিয়ে দিঘা, মন্দারমণি বা তাজপুরে ছুটি কাটানোর প্ল্যান করেছিলেন অনেকেই। কিন্তু বাধ সাধল প্রকৃতি। আবহাওয়া খারাপ থাকার কারণে দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্রে নামার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। ফলে সপ্তাহান্তের আনন্দ উপভোগ করতে গিয়ে কার্যত হতাশ হতে হচ্ছে পর্যটকদের। (Digha Sea Entry Ban Due to Bad Weather)

প্রশাসন সূত্রে খবর, সমুদ্র ক্রমশ উত্তাল হতে শুরু করায় শুক্রবার থেকেই সৈকত শহরগুলিতে শুরু হয়েছে মাইকিং। শনিবার জামাইষষ্ঠীর দিন পর্যটকদের কোনওভাবেই সমুদ্রে নামতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সৈকত বরাবর কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নুলিয়ারা। জলোচ্ছ্বাসের কারণে পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই কঠোর পদক্ষেপ।

   

শুধুমাত্র পর্যটকদের জন্যই নয়, সতর্কবার্তা জারি করা হয়েছে স্থানীয় মৎস্যজীবীদের জন্যও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে শনিবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই ট্রলার নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছেন, তাঁদেরও দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি, উপকূলবর্তী এলাকায় যে সমস্ত মানুষ কাঁচা বা মাটির বাড়িতে বসবাস করেন, নিরাপত্তার খাতিরে আপাতত তাঁদের বাড়ি ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

সব মিলিয়ে, ছুটির মেজাজে থাকা পর্যটকদের কাছে এই খবর যে বড়সড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না। সমুদ্রের ধারে বসে সময় কাটানো গেলেও, ঢেউয়ের সঙ্গে স্নান করার যে উন্মাদনা, তা থেকে এবার বঞ্চিতই থাকতে হচ্ছে দিঘায় আসা পর্যটকদের।