দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) এ বছরের রথযাত্রা ঘিরে একাধিক নতুনত্বের আয়োজন করা হয়েছে। পুরীর ঐতিহ্যকে আরও ঘনিষ্ঠভাবে অনুসরণ করে এবার রাজবেশে সজ্জিত হবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাঁদের মাথায় শোভা পাবে পুরী থেকে আনা বিশেষ ‘রাজমুকুট’। একই সঙ্গে রথে যুক্ত করা হয়েছে নতুন চাকা, স্টিয়ারিং ও ব্রেকের ব্যবস্থা, যাতে রথ পরিচালনা আরও নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে করা যায়।
২০২৫ সালে অক্ষয় তৃতীয়ার(Digha Jagannath Temple) শুভ লগ্নে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল। সেই সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে মন্দিরের উদ্বোধন করেন। গত বছরের রথযাত্রায় তিনি সোনার ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করে রথের রশিতে টান দেন। এ বছর রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর ওড়িশা সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ হয়েছে বলে প্রশাসনিক মহলের একাংশের মত। তারই প্রতিফলন হিসেবে দিঘার রথযাত্রায় এবার পুরীর বহু প্রাচীন ঐতিহ্যের ছাপ দেখা যাবে।
মন্দির সূত্রে জানা গিয়েছে,(Digha Jagannath Temple) স্নানযাত্রার পর বর্তমানে নিভৃতবাসে রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। নির্দিষ্ট নিয়ম মেনে তাঁরা ‘অনসার’ পর্বে অবস্থান করছেন। বুধবার নবযৌবন রূপে প্রথমবারের মতো ভক্তদের দর্শন দেবেন তিন বিগ্রহ। তার পরদিনই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত রথযাত্রা।
দিঘা জগন্নাথ (Digha Jagannath Temple) মন্দির ট্রাস্টের সদস্য ও প্রধান পুরোহিত রাধারমণ দাস জানিয়েছেন, এ বছর বিগ্রহদের জন্য পুরী থেকে বিশেষ রাজমুকুট আনা হচ্ছে। পাশাপাশি তাঁদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ রাজবেশের পোশাক। রাজকীয় সাজে সজ্জিত করার পর ‘পাহাণ্ডি বিজয়’ শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে আরোহন করানো হবে। এর ফলে দিঘার সমুদ্রসৈকতেই ভক্তরা পুরীর রথযাত্রার আবহ ও ঐতিহ্যের এক বিশেষ স্বাদ পাবেন।
এবারের রথযাত্রার আর একটি বড় আকর্ষণ রথের প্রযুক্তিগত পরিবর্তন। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রথে লাগানো হয়েছে চারটি নতুন চাকা। শুধু তাই নয়, রথকে আরও নিরাপদে পরিচালনা করার জন্য সংযোজন করা হয়েছে স্টিয়ারিং ও ব্রেকের ব্যবস্থা। রাধারমণ দাস জানান, পুরীতে রথ মূলত সোজা পথে চলে। কিন্তু দিঘায় রথকে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে একাধিকবার মোড় নিতে হয়। সেই কারণে রথ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতবার চাকা নিয়ে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার নতুন চাকা, স্টিয়ারিং এবং ব্রেকের ব্যবস্থা করা হয়েছে।
রথযাত্রার (Digha Jagannath Temple) উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে বিশেষ আয়োজন। এ বছর উৎসবের সূচনা করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তাঁর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রশাসনিক আধিকারিক এবং অসংখ্য ভক্ত উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। উৎসব উপলক্ষে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং ভিড় সামলানোর জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।





