কলকাতা: ‘ভয় বনাম ভরসা’, এই থিমকে হাতিয়ার করেই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের মেগা ইস্তাহার প্রকাশ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে সুশাসন, নিরাপত্তা এবং জনস্বার্থকে সামনে রেখে আজ, শুক্রবার কলকাতায় এই ইস্তাহার প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দলীয় সূত্রে খবর, এবারের ইস্তাহারে মহিলাদের জন্য প্রসারিত কল্যাণমূলক প্রকল্প, বেকার যুবকদের জন্য বিপুল কর্মসংস্থান এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে-কমিশন চালুর মতো বড়সড় প্রতিশ্রুতি থাকতে চলেছে। পাশাপাশি, থমকে থাকা প্রকল্পগুলির পুনরুজ্জীবন এবং নতুন বিনিয়োগ টেনে রাজ্যে শিল্পের জোয়ার আনার রূপরেখাও তুলে ধরবে গেরুয়া শিবির।
এদিন সকালে অমিত শাহ জানান, “বাংলা পরিবর্তন চাইছে।” ইস্তাহার প্রকাশের পাশাপাশি আজ তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। ডেবরা এবং পশ্চিম মেদিনীপুরে জোড়া জনসভা করার পর খড়গপুরে একটি মেগা রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
গত এক দশক ধরে রাজ্যে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য থাকলেও, এবারের লড়াই কার্যত সেয়ানে সেয়ানে। শাসকদলের মূল হাতিয়ার যেখানে জনকল্যাণমূলক প্রকল্প এবং আঞ্চলিক আবেগ, সেখানে বিজেপির তুরুপের তাস সুশাসন, নিরাপত্তা এবং উন্নয়ন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় রাজ্যের বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ৪ মে। এখন দেখার, ‘ভয় বনাম ভরসা’র এই ইস্তাহার দিয়ে বঙ্গবাসীর মন কতটা জয় করতে পারে বিজেপি।



