
বাঁকুড়ার ১২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের আর মাত্র এক সপ্তাহ বাকি। তার আগেই রাজনৈতিক মহলে বড়সড় আলোড়ন তৈরি করল তালডাংরা ব্লকের দলবদল। শাসক তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে প্রাক্তন ব্লক সভাপতি মনসারাম লায়েকের বিজেপিতে যোগদানকে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ‘বিদায়ী’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এর উপস্থিতিতে তালডাংরায় এক নির্বাচনী জনসভায় এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মনসারাম লায়েক তাঁর সমর্থক ও অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দেন। ওই সভায় তালডাংরা কেন্দ্রের বিজেপি প্রার্থী শৌভিক পাত্র তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপিতে যোগদানের পর মনসারাম লায়েক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমান সরকারের আমলে প্রশাসনিক দুর্বলতা এবং দুর্নীতির কারণে রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় অবনতি ঘটেছে। তিনি বলেন, “তৃণমূল সরকারের পরিবর্তন এখন সময়ের দাবি। চুরি-জোচ্চুরি শুধু নয়, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে।”
তাঁর দাবি, দীর্ঘদিন ধরে দলের অভ্যন্তরে কাজ করতে গিয়ে তিনি নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। শেষ পর্যন্ত নিজের অনুগামীদের নিয়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর সঙ্গে আরও বেশ কিছু স্থানীয় কর্মীও দল পরিবর্তন করেছেন বলে তিনি জানান। এই ঘটনাকে ঘিরে বিজেপি শিবির স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তালডাংরা কেন্দ্রের বিজেপি প্রার্থী শৌভিক পাত্র বলেন, “তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যেই তাঁরা আমাদের দলে যোগ দিয়েছেন। মানুষ পরিবর্তন চাইছে, এই যোগদান সেই বার্তাই দিচ্ছে।” বিজেপির দাবি, ভোটের আগে এই ধরনের দলবদল শাসক শিবিরের ভিতরে অস্বস্তি বাড়াচ্ছে।

