ভোটের মুখে প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়। শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ উলুবেড়িয়ার বীরশিবপুর ফ্লাইওভারে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। মন্ত্রীর পাইলট কারটি দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় এক এসআই (SI) এবং এক কনস্টেবল গুরুতর জখম হয়েছেন।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বীরবাহা হাঁসদা মেদিনীপুর থেকে কলকাতা অভিমুখে যাচ্ছিলেন একটি নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে। বীরশিবপুর ফ্লাইওভারে ওঠার সময় মন্ত্রীর গাড়িকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া পুলিশের পাইলট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় পুলিশের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের উদ্ধার খোদ মন্ত্রীর
দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে নেমে আসেন বীরবাহা হাঁসদা। তিনি নিজেই উদ্যোগী হয়ে আহত এসআই এবং কনস্টেবলকে উদ্ধার করেন। তাঁদের তড়িঘড়ি উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
মন্ত্রীর গাড়িটি এই দুর্ঘটনায় অক্ষত থাকলেও পুলিশের গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই অন্য একটি গাড়িতে করে বীরবাহা হাঁসদা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। জাতীয় সড়কে কন্টেনারটি বেআইনিভাবে দাঁড়িয়ে ছিল কি না এবং যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে উলুবেড়িয়া থানার পুলিশ।




















